দেশবিদেশবিশ্ব

শপথের পরই মোদির চিঠি: নয়াদিল্লি–ঢাকা সম্পর্কে কি শুরু নতুন সমীকরণ?

বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন সরকারের সূচনা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমান-কে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তাঁকে সপরিবারে ভারতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি, যা নয়াদিল্লি-ঢাকা সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেন তারেক রহমান। প্রায় ১৮ মাসের রাজনৈতিক টানাপোড়েন ও অন্তর্বর্তী শাসনের পর পূর্ণ মেয়াদের সরকার পেল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন মহম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী মোদি তাঁর অভিনন্দনবার্তায় লিখেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি-সমৃদ্ধির যৌথ আকাঙ্ক্ষার উপর প্রতিষ্ঠিত। যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি ও স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও ব্যক্ত করেছেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “উষ্ণ স্বাগত অপেক্ষা করছে।”
ঢাকার জাতীয় সংসদের সাউথ প্লাজায় খোলা মঞ্চে শপথ নেন তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবউদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পাশাপাশি ভারতের তরফে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি।
শপথের পর তারেক বলেন, “আমি আইন অনুসারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করব।” এদিন তাঁর সঙ্গে আরও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
কূটনৈতিক মহলের মতে, বিএনপি সরকারের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোবে তা এখন নজরে। তবে মোদির দ্রুত অভিনন্দন ও আমন্ত্রণবার্তা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.