খাবারের অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি। রেস্তরাঁয় ঢুকেই চোখে পড়ল অচেনা নয়, একেবারে আপনজন— নিজের ছেলে! প্রেমিকার সঙ্গে টেবিলে বসেছিল তরুণ। বাবাকে ডেলিভারি কর্মীর পোশাকে দেখে খানিকটা চক্ষুলজ্জায় আড়াল করে নিলেন তিনি। ছেলেকে ইশারায় শান্ত থাকতে বললেন। কিন্তু তারপর যা ঘটল, তা দেখে ভরে উঠল নেটাগরিকদের মন।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো। ‘মেন্ডিংক্লাউড্স’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে— খাবারের প্যাকেট সংগ্রহ করতে রেস্তরাঁয় ঢুকেছেন এক ডেলিভারি কর্মী। সেখানে বসেই ছিলেন তাঁর ছেলে প্রেমিকাকে নিয়ে। বাবাকে দেখে প্রথমে আসন ছাড়তে চাইলেও ইশারায় বারণ করেন তিনি। যেন ছেলের সামনে নিজের পেশা নিয়ে অস্বস্তিতে পড়তে না হয়— সেই চেষ্টাই করছিলেন ওই বাবা।
কিন্তু ছেলের প্রতিক্রিয়া ছিল একেবারে অন্য রকম। প্রেমিকার সামনে বাবার হাত ধরে টেনে আনলেন তিনি। বাবাকে জড়িয়ে ধরে প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। মুহূর্তেই আবেগঘন হয়ে ওঠে রেস্তরাঁর পরিবেশ।
ভিডিয়োটি ঠিক কোথায় বা কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। তবে দৃশ্য দেখে নেটাগরিকরা ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। এক জন লিখেছেন, “ছেলেটি একদম ঠিক কাজ করেছে। বাবার প্রতি সম্মান দেখে গর্বে ভরে গেল মন।”







