জেলা

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ৮ পুণ্যার্থীর মৃত্যু; গ্রেফতার মালিক

শ্রাবণের শেষ সোমবার তারাপীঠে পুজো দিতে গিয়ে ‘বিদেশিনী’ নামে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আট জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর হোটেলে নিরাপত্তাবিধি মানা হয়নি এবং গাফিলতি ছিল—এমন অভিযোগে হোটেল মালিক কল্যাণ পালকে গ্রেফতার করেছে পুলিশ।

অগ্নিকাণ্ড ও উদ্ধারকাজ

পুলিশ ও দমকল সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ হোটেলটিতে আগুন লাগে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত আগুন একতলা ও দোতলায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি গোটা হোটেল ঘন কালো ধোঁয়ায় ভরে যায়।

পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে মোট ২২ জনকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এখনও পর্যন্ত দুই শিশু, এক মহিলা এবং পাঁচ পুরুষ-সহ মোট আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতেরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারাপীঠে পুজো দিতে এসেছিলেন। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

জরুরি দরজা বন্ধ থাকার অভিযোগ

উদ্ধার হওয়া কয়েক জন আবাসিকের অভিযোগ, বিপদের সময় হোটেলের পিছনের জরুরি দরজাটি বন্ধ ছিল। ফলে আগুন লাগার পর দ্রুত বাইরে বেরিয়ে আসতে সমস্যায় পড়েন তাঁরা।

তদন্তে নেমে দমকল আধিকারিকেরা জানিয়েছেন, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিয়ম অনুযায়ী দু’টি সিঁড়ি ছিল। কিন্তু সিঁড়ির পাশে থাকা জানলাগুলি বন্ধ থাকায় জমে থাকা ধোঁয়া বেরোনোর সুযোগ পায়নি। এর জেরেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশ আবাসিক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক জন সংজ্ঞা হারান।

মালিকের দাবি, তদন্তে পুলিশ

গ্রেফতার হোটেল মালিক কল্যাণ পাল অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না। আগুন লাগার পর কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর ফলে হোটেলের ভিতর অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকারে আবাসিকেরা পিছনের দরজাটি খুঁজে না পেয়ে সামনের রিসেপশনের দিকে বেরোনোর চেষ্টা করেন এবং আগুনের কবলে পড়েন বলে তাঁর দাবি।

তবে জরুরি দরজা বন্ধ থাকার অভিযোগের বিষয়ে হোটেল মালিক কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। আপাতত তাঁকে হেফাজতে নিয়ে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, নিরাপত্তাবিধি লঙ্ঘন এবং সম্ভাব্য গাফিলতির বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.