দেশ

তরতাজা যুবকের জীবন বদলে গেল এক পলকে , বাবা মায়ের আবেদনে নিষ্কৃতিমৃত্যুতে সায় আদালতের !

১৩ বছর ধরে নিস্তেজ অবস্থায় পড়ে থাকা ছেলের জন্য শেষমেশ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছিলেন বৃদ্ধ মা–বাবা। সন্তানের নিষ্কৃতিমৃত্যুর অনুমতি চেয়ে করা সেই আবেদন নিয়ে রায় দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি। ঐতিহাসিক এই রায় ঘোষণার সময় তাঁর চোখে জলও এসে যায়।

৩২ বছর বয়সি হরীশ রানা দীর্ঘ ১৩ বছর ধরে উদ্ভিজ্জ অবস্থায় রয়েছেন। এতদিন ধরে ছেলের সেবাযত্ন করে এলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তাঁর বাবা–মা। তাঁদের অনুপস্থিতিতে ছেলেকে কে দেখভাল করবে—এই দুশ্চিন্তাই তাঁদের আদালতের দ্বারস্থ হতে বাধ্য করে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর বুধবার তাঁদের আবেদন মঞ্জুর করেছে দেশের সর্বোচ্চ আদালত। তবে রায় ঘোষণা করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিচারপতি জেবি পার্দিওয়ালা। তিনি মন্তব্য করেন, এতদিন ধরে চলতে থাকা চিকিৎসা রোগীর জন্য আদৌ কতটা উপকারী—এই প্রশ্নও গুরুত্বপূর্ণ।

বিচারপতি পার্দিওয়ালা ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এই মামলায় নিষ্কৃতিমৃত্যুর অনুমোদন দেয়। আদালতের পর্যবেক্ষণ, হরীশের শরীরে প্রাণচিহ্ন থাকলেও তাঁর জীবনের প্রায় সব ক্ষেত্রেই অন্যের উপর নির্ভরশীলতা সম্পূর্ণ। দীর্ঘ সময়েও তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। তাই সমস্ত দিক বিবেচনা করে যদি মেডিক্যাল বোর্ড মনে করে আর কোনও চিকিৎসাগত সম্ভাবনা নেই, তবে তাঁকে লাইফ সাপোর্ট থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
রায় পড়ে শোনানোর সময় বিচারপতি পার্দিওয়ালা বলেন, “একজন তরতাজা যুবক, যে স্বাভাবিকভাবে পড়াশোনা করছিল। একটি দুর্ঘটনাই তার জীবনের গতিপথ বদলে দিল।” এই কথাগুলি বলতে গিয়েই তাঁর গলা ধরে আসে।
এই রায়কে দেশে নিষ্কৃতিমৃত্যু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে স্বেচ্ছামৃত্যু সংক্রান্ত আবেদনগুলির ক্ষেত্রেও এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

দিল্লির বাসিন্দা হরীশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। ২০১৩ সালের ২০ আগস্ট চণ্ডীগড়ে পেয়িং গেস্ট হিসেবে থাকার সময় চারতলার ব্যালকনি থেকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। মাথায় মারাত্মক আঘাত লাগার ফলে তিনি শতভাগ কোয়াড্রিপ্লেজিক প্রতিবন্ধকতায় আক্রান্ত হন এবং তারপর থেকেই শয্যাশায়ী। তিনি দেখতে বা শুনতে পান না, কাউকে চিনতেও পারেন না। দীর্ঘদিন ধরে কৃত্রিম লাইফ সাপোর্টের উপর নির্ভর করেই তাঁর জীবন টিকে আছে।
এই পরিস্থিতিতেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগতে ভুগতেই আদালতের দ্বারস্থ হন তাঁর মা–বাবা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.