রাজ্য

নতুন রাজ্যপাল শপথের আগে বড় বার্তা! ‘বাংলার সঙ্গে পথচলা শেষ নয়’—চিঠিতে ইঙ্গিত আনন্দ বোসের

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন রবীন্দ্রনারায়ণ রবি। রাজভবনে (বর্তমানে লোকভবন) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের।

কিন্তু তার আগেই রাজনৈতিক মহলে তুমুল চর্চার জন্ম দিলেন সদ্য প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবনের অফিসিয়াল এক্স হ্যান্ডলে রাজ্যবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেন তিনি। সেই চিঠিতেই আবেগঘন ভাষায় পশ্চিমবঙ্গকে তাঁর “দ্বিতীয় বাড়ি” বলে উল্লেখ করেন বোস এবং জানান, এই রাজ্যের সঙ্গে তিনি “অবিচ্ছেদ্যভাবে যুক্ত” থাকবেন।

চিঠিতে তিনি লেখেন,
“আমার প্রিয় বঙ্গবাসী ভাই ও বোনেরা, লোকভবন, কলকাতায় আমার দায়িত্বের অধ্যায় শেষের পথে। এই মুহূর্তে আমি আবারও কৃতজ্ঞ আপনাদের সমর্থন, স্নেহ ও সম্মানের জন্য।”

রাজ্যের মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলির স্মৃতিও তুলে ধরেন তিনি। এক বোনের আলিঙ্গন, এক শিশুর পিঠে আলতো চাপড়, তরুণদের দৃঢ় করমর্দন—এই সব স্মৃতি তাঁর মনে অমলিন বলে জানান প্রাক্তন রাজ্যপাল।

তবে চিঠির শেষ লাইনই সবচেয়ে বেশি জল্পনার জন্ম দিয়েছে। বোস লিখেছেন,
“যদিও আমার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে, তবু পশ্চিমবঙ্গের সঙ্গে আমার পথচলা এখানেই শেষ নয়।”

এই মন্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে—তাহলে কি বাংলাতেই নতুন কোনও ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে?

গান্ধীর উদ্ধৃতি, তাতেই নতুন রাজনৈতিক ইঙ্গিত?
চিঠিতে মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তিও উদ্ধৃত করেন বোস—
“আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।”

এই আবেগঘন বার্তাই রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মতে, এই চিঠি পরোক্ষে ইঙ্গিত দিচ্ছে যে তাঁকে হয়তো কেন্দ্রের তরফে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে।

কেন হঠাৎ বদল?
প্রায় ৩ বছর ৪ মাস আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় আসেন সি ভি আনন্দ বোস। তাঁর মেয়াদকালে নবান্ন ও রাজভবনের মধ্যে একাধিক বিষয়ে মতবিরোধ সামনে আসে। আইনশৃঙ্খলা ইস্যুতে বারবার রাজ্য সরকারকে নিশানা করেছিলেন তিনি।

এই পরিস্থিতিতেই বিধানসভা নির্বাচনের আগে তাঁর পদত্যাগ এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ডিএমকে সরকারের সঙ্গে সংঘাতে জড়ানো প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবিকে পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

লোকভবনে ফেরেননি বোস
দিল্লি থেকে কলকাতায় ফেরার পরও রাজভবনে (লোকভবন) আর ফেরেননি সি ভি আনন্দ বোস। বর্তমানে তিনি রয়েছেন রাজ্য সরকারের আতিথেয়তায় ‘সৌজন্য’ ভবনে। এমনকি নিজের জিনিসপত্র গোছানোর জন্যও লোকভবনে যাননি তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সৌজন্যবশত তাঁর থাকার ব্যবস্থা করেন বলে সূত্রের খবর।

রহস্য আরও ঘনীভূত
দিল্লি থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনন্দ বোস বলেছিলেন,
“সময়ে সব বলব।”

এই মন্তব্যের পর থেকেই তাঁর পদত্যাগের নেপথ্যে কী কারণ, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর নতুন রাজ্যপাল শপথ নেওয়ার আগের দিন তাঁর এই আবেগঘন খোলা চিঠি সেই জল্পনাকে আরও উস্কে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.