স্কুলের সামনে শিক্ষিকার হাত মেরে ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরে। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও।
অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে স্কুলে আসার পথে বিভিন্ন ভাবে উত্যক্ত করত ধৃত ওই যুবক। এর আগেও ওই শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। বেশ কয়েক মাস জেলও খাটে। কিন্তু তারপরও হুশ ফেরেনি ওই যুবকের।
পুনরায় ওই শিক্ষিকাকে উত্যক্ত করা শুরু করে ওই যুবক। পরবর্তীতে ওই শিক্ষিকা স্কুলে যাবার পথ পরিবর্তন করলে সেখানে গিয়েও উত্যক্ত করত ওই যুবক। ঘটনার দিন সকালেও ওই ধৃত যুবক শিক্ষিকার পথ আটকায়।
অভিযোগ ওই যুবক নিজের জুতো খুলে শিক্ষিকার দিকে ছুঁড়ে দেয়। এরপর শিক্ষিকাকে বলে ওই জুতো পড়িয়ে দেবার জন্য। ওই শিক্ষিকা তা অস্বীকার করলে গাছের মোটা দল দিয়ে বেধড়ক মারধর করে। ভেঙ্গে দেওয়া হয় হাত। সেই সময় স্কুলের রাঁধুনি ও অন্যান্য কর্মীরা ছুটে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই শিক্ষিকাকে। শিক্ষিকাকে উদ্ধার করে নিয়ে যাওয়া মালদা মেডিক্যাল কলেজে। বর্তমানে তিনি ওখানেই চিকিৎসাধীন।
অন্যদিকে ওই ঘটনার পর অভিযুক্ত ওই যুবককে ধরতে গেলে পুলিশের উপরেও হামলা চালায় ওই যুবক। অভিযোগ রড, হাতুড়ি দিয়ে আক্রমণের চেষ্টা করে ওই যুবক। কোনো রকমে পুলিশ পাকড়াও করে ওই যুবককে নিয়ে যাওয়া হয়।







