বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া দফতর। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে, ফলে আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলতে শুরু করেছে।
হাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৩ মার্চ দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকলেও দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকতে পারে। তবে রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার জেরেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে আগামী কয়েকদিনে আবহাওয়ার চিত্রে ওঠানামা দেখা যেতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা, তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
কলকাতাতেও আগামী কয়েকদিন মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের পর ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমে এসে আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর।







