আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদলের জেরে নতুন করে বিতর্ক তৈরি হল সরকারি বাংলো ঘিরে। একের পর এক আইএএস ও আইপিএস আধিকারিককে বদলি করার পর এবার প্রাক্তন জেলাশাসকদের সরকারি বাংলো খালি করতে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সদ্য দায়িত্বপ্রাপ্ত একাধিক জেলাশাসক মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে গিয়ে অভিযোগ জানান যে, তাঁদের জন্য নির্ধারিত সরকারি বাসভবন এখনও খালি করেননি পূর্বসূরিরা। ফলে দায়িত্ব গ্রহণ করেও কার্যত সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
এই অভিযোগে বিস্ময় প্রকাশ করেন কমিশনের শীর্ষ কর্তারা। জানা গিয়েছে, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার-সহ একাধিক জেলায় একই সমস্যা সামনে এসেছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে কমিশন। সাম্প্রতিক এক বৈঠকে সিইও স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আগামী ২২ মার্চের মধ্যে সমস্ত প্রাক্তন জেলাশাসককে আবশ্যিকভাবে তাঁদের সরকারি বাংলো খালি করতে হবে। এই নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, জেলাশাসকের সরকারি বাংলো শুধুমাত্র আবাসন নয়, বহু ক্ষেত্রে সেটিই প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়। ফলে নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে ওই বাংলো আটকে রাখা হলে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে।
উল্লেখ্য, নির্বাচনের আগে রাজ্যে বিপুল সংখ্যক আধিকারিকের বদলি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপের সমালোচনা করে প্রশ্ন তুলেছে কমিশনের ভূমিকা নিয়ে। তারই মধ্যে বাংলো ইস্যুতে কমিশনের এই কড়া নির্দেশ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







