খেলাধুলা

প্রযুক্তির ছোঁয়ায় ক্রীড়া বিপ্লব: কলকাতায় এআই-ভিত্তিক মাল্টি-স্পোর্টস ইকোসিস্টেমের সূচনা

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:
আধুনিক প্রযুক্তির হাত ধরে বাংলার ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে সঙ্গী করে শহরে পথচলা শুরু করল এক অভিনব মাল্টি-স্পোর্টস ট্রেনিং ইকোসিস্টেম। গত শনিবার Calcutta South Club-এ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা করে Amooji Sports Tech Ecosystem।

শহরের জোকায় গড়ে ওঠা এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে মূলত টেনিস, পিকলবল এবং মোটরস্পোর্টসের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্যের বুকে এই প্রথম এমন একটি পরিকাঠামো তৈরি হল, যেখানে খেলাধুলা ও প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন ঘটেছে।

সংস্থার দাবি, এই ইকোসিস্টেমের লক্ষ্য হল এমন একটি সমন্বিত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে নবাগত থেকে পেশাদার—সব স্তরের খেলোয়াড় এক ছাদের তলায় আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা পাবেন। প্রচলিত ব্যবস্থায় যেখানে একটি নির্দিষ্ট খেলাকে কেন্দ্র করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে, সেখানে জোকার এই উদ্যোগ বহুমুখী এবং সময়োপযোগী।

অনুষ্ঠানে উপস্থিত প্রখ্যাত মোটরস্পোর্টস ব্যক্তিত্ব Uday Gangopadhyay বলেন, “ভারতে এখনও মোটরস্পোর্টসকে ঘিরে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই এটিকে পূর্ণাঙ্গ খেলা হিসেবে স্বীকৃতি দেন না। তবে এই ধরনের উদ্যোগ আগামী দিনে সেই ধারণা বদলাতে সক্ষম হবে।” তিনি আরও জানান, খেলোয়াড়দের নিরাপত্তা এবং পারফরম্যান্স উন্নত করতে এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অন্যদিকে, পিকলবল নিয়ে বাড়তে থাকা আগ্রহ প্রসঙ্গে Aditya Khanna বলেন, “যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় হয়েছে, তেমনই আগামী দিনে পিকলবলও ব্যাপক জনপ্রিয়তা পাবে।” সেই লক্ষ্যেই উন্নত পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে তিনি জানান।

সংস্থার ডিরেক্টর Rajiv Ghosh জানান, শুধুমাত্র প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে খেলাধুলার সম্প্রচারের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলতে চলেছে তারা। ইতিমধ্যেই ভারতের প্রথম এক্সক্লুসিভ স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম এবং টিভি চ্যানেল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সব মিলিয়ে, প্রযুক্তির ব্যবহারে খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, ভুল বিশ্লেষণ এবং কৌশলগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলার ক্রীড়া জগতকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় রাজ্যের খেলাধুলা যে এক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে, তা নিয়ে আশাবাদী ক্রীড়া মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.