জেলারাজনীতি

ভোট প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ধীর করা হচ্ছে? অভিযোগ নারায়ণগড়ে তৃণমূল প্রার্থীর

নারায়ণগড়: প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। ইচ্ছাকৃতভাবে ভোট প্রক্রিয়াকে ধীর করা হচ্ছে—এমনই গুরুতর অভিযোগ তুললেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি।
বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। সেই সময়ই নিজের ভোট দিতে গিয়ে নারায়ণগড়ের নারমা অঞ্চলের মদনমোহনচক এলাকার ৪৭ নম্বর বুথে সমস্যার মুখে পড়েন প্রার্থী নিজে। তাঁর অভিযোগ, বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া অস্বাভাবিকভাবে ধীরগতিতে চলছে।
প্রতিভা রানী মাইতি জানান, ওই বুথে সব এজেন্টই মহিলা, যাঁদের অনেকেই অভিজ্ঞ নন। ফলে ভোট পরিচালনায় গতি আসছে না। তাঁর দাবি, “এই পরিস্থিতি স্বাভাবিক নয়। ইচ্ছাকৃতভাবেই ভোট প্রক্রিয়া স্লো করা হচ্ছে।”
তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই রিটার্নিং অফিসার (RO)-এর নজরে আনা হয়েছে। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে তিনি নিজেই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। “১০ মিনিটের মধ্যে যদি পরিস্থিতি ঠিক না হয়, তাহলে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব,” বলেন তৃণমূল প্রার্থী।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.