আগামীকাল নির্বাচনের ফলাফল। নজর এখন সেইদিকেই। অন্যদিকে, এবিপি সি ভোটার-সহ অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষাতেই পাল্লা ভারি এনডিএ-র। গতকাল তৃণমূলনেত্রী বলেছেন, ‘সব ঠিক গেলে বিজেপি ক্ষমতায় আসছে না।’ আজ এসব বিষয় প্রসঙ্গেই সরব হলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
উল্লেখ্য, শেষ দফার নির্বাচনের দিন থেকে ফের উত্তপ্ত হয়েছে সন্দেশখালি এবং ভাঙড়। এই বিষয়ে দিলীপের উবাচ, ‘সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিয়ে অশান্তি পাকানো। ক্রিমিনাল তৈরির পরম্পরা চলছে। তারাই গোলমাল করে। থামেনা। সরকার চাইলে একদিনে গোলমাল থামাতে পারে। চায়না। বিধায়ক গুণ্ডারা গিয়ে গণ্ডগোল করে। পুলিস গিয়ে গোলমাল পাকায়। বিহার উত্তরপ্রদেশ এমনকি কাশ্মীর ঠাণ্ডা হয়। পশ্চিমবঙ্গ হয়না। আমার মনে হয় এই সরকার যতদিন আছে ওই এলাকা শান্ত হবে না।’
আবার, অন্তিম দফার ভোট সমাপ্ত হতেই ডায়মন্ড হারবারে ভোট বাতিলের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আশ্চর্য ব্যাপার! কমিশনে আসা তথ্যের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নয়। আজ তৃণমূলকে স্ট্রংরুম আগলে রাখার কথা বলতে হচ্ছে। সাধারণত যা এতদিন বিরোধীরা বলে এসেছে। মানে ওখানে ফলাফল অন্যরকম হতে যাচ্ছে কী?’







