নিজস্ব সংবাদদাতা :’দিনহাটায় গুলিকাণ্ডে অ্যাকশন নিচ্ছি’, জলপাইগুড়ির সভা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহর সুরে সুর মিলিয়েই তাঁর দাবি, ঘটনার নেপথ্যে বাংলাদেশ থেকে আনা দুষ্কৃতীরা। কটাক্ষ দাগেন বিএসএফ-এর প্রতিও।
উল্লেখ্য, ইতিমধ্যেই মৃতের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উবাচ, ‘বিএসএফ-এর গুলিতে অনেকেই মারা গেছে। আমি মনে করি না বিএসএফ-এর সবাই খারাপ। প্রধানমন্ত্রী আজ আছে কাল নেই। এটা বুঝতে হবে। আপনারা ঠিক করে কাজ করুন। আজ সকালেও একজনকে মারা হয়েছে। বাংলাদেশের বর্ডার থেকে এসে একজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। বিএসএফএএর গুলিতে যারা মারা গিয়েছেন, তাঁরা হোমগার্ডের চাকরি পাবেন।’
মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তিতে সভা করেন মুখ্যমন্ত্রী। সভা থেকেই দিনহাটা প্রসঙ্গে সরব হন তিনি। দাবি করেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসেই গুলিতে খুন করেছে তাঁদের দলের কর্মীকে। ‘অ্যাকশান’ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিএসএফ’কে নিশানা করে মমতার মন্তব্য, ‘আমি বিএসএফকে বলব নিরপক্ষেভাবে কাজ করতে। মানুষের পাশে থেকে কাজ করতে।’ তোপ দাগেন বিজেপির প্রতিও।







