চৈত্রের দাবদাহের মাঝেই হঠাৎ আবহাওয়ার বড়সড় পালাবদল। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। তাপপ্রবাহের দমবন্ধ করা পরিস্থিতি কাটতে না কাটতেই এবার প্রকৃতির নতুন রূপ—ঝড়, বৃষ্টি আর বজ্রপাতের আশঙ্কায় কার্যত সতর্ক গোটা রাজ্য।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত এবং একটি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বুধবার থেকে শুরু হয়েছে এই আবহাওয়ার আমূল পরিবর্তন। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, যা যে কোনও মুহূর্তে কালবৈশাখীর রূপ নিয়ে আছড়ে পড়তে পারে।
কালবৈশাখীর তাণ্ডব: দক্ষিণবঙ্গে তীব্র সতর্কতা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে
বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মতোই উত্তরবঙ্গেও আবহাওয়ার রূপরেখা যথেষ্ট উদ্বেগজনক।জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা।দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-এ ঘণ্টায় প্রায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও থাকছে, বিশেষত ভারী বৃষ্টির কারণে।
কেন এই হঠাৎ দুর্যোগ?
আবহাওয়াবিদদের মতে,বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে পাশাপাশি ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দ্রুত তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, যা কালবৈশাখীর জন্ম দিচ্ছে।







