রাজ্য

ওড়িশার বন দফতরে দুর্নীতির জাল! ডেপুটি রেঞ্জারের বাড়ি থেকে উদ্ধার ১.৪৪ কোটি নগদ, মিলল সোনার বিস্কুটও

ভুবনেশ্বর: ফের চাঞ্চল্য ওড়িশার বন দফতরে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে ডেপুটি রেঞ্জার চন্দ্র নেপকের বাড়ি-সহ একাধিক জায়গায় হানা দিল রাজ্যের ভিজিল্যান্স দফতর। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া তল্লাশিতে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে অন্তত ১ কোটি ৪৪ লক্ষ টাকার নগদ। নগদ গোনার জন্য ঘটনাস্থলে আনা হয়েছে মেশিন। সূত্রের খবর, এই অঙ্ক আরও বাড়তে পারে।

শুধু টাকা নয়, নেপকের জয়পুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে চারটি সোনার বিস্কুট এবং ১৬টি সোনার মুদ্রা। প্রতিটি মুদ্রার ওজন প্রায় ১০ গ্রাম। অভিযোগ, এই বিপুল সম্পত্তির কোনও নথিভিত্তিক হিসেব নেই।

তল্লাশি হয়েছে নেপকের জয়পুরের ফ্ল্যাট, পৈতৃক বাড়ি, শ্বশুরবাড়ি, এমনকি তাঁর ভাইয়ের ভুবনেশ্বরের ফ্ল্যাটেও। তাঁর দফতরেও তল্লাশি চালিয়েছে ভিজিল্যান্সের আধিকারিকরা। শুক্রবার রাত পর্যন্ত ছয়টি স্থানে তল্লাশি চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এমন অভিযানে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় সাফল্য পেল ওড়িশা ভিজিল্যান্স। গত সপ্তাহেই কেওনঝাড়ে বন দফতরের ডিভিশনাল ফরেস্ট অফিসার নিত্যানন্দ নায়েক-এর বাড়ি-সহ সাতটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল সম্পত্তির খোঁজ মেলে। তাঁর নামে রাজ্যে ১১৫টি জমির নথি, চারতলা বাড়ি, চারটি গাড়ি, চারটি বাইক, দামি আসবাবপত্র এবং সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় ২০০ গ্রাম সোনা, রাইফেল এবং নগদ ১.৫৫ লক্ষ টাকাও।

ভিজিল্যান্স সূত্রে দাবি, “নিত্যানন্দের কাছে থাকা সম্পত্তির পরিমাণ যে কোনও সরকারি অফিসারের থেকে বহুগুণ বেশি। এই ধরনের দুর্নীতির শিকড় আরও গভীরে প্রোথিত, তদন্ত সেভাবেই এগোচ্ছে।”

ওড়িশার বন দফতরে একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই উদ্বেগের সঞ্চার হয়েছে প্রশাসনিক মহলে। কোথা থেকে আসছে এই বিপুল অর্থ? আদৌ কি এরা একা নাকি বড় কোনও চক্রের অংশ? প্রশ্ন উঠছে নানা মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.