কন্যাসন্তানকে ঘিরে সমাজের নিরাপত্তাহীনতা আজও বড় প্রশ্ন। সেই আবেগ, উদ্বেগ আর একজন বাবার লড়াইকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়-এর নতুন ছবি বাবা। পিতৃদিবস উপলক্ষে মুক্তি পেতে চলা এই ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। পরিচালক জিৎ চক্রবর্তীর এই ছবিতে প্রথমবার বড়পর্দায় বাবার চরিত্রে দেখা যাবে বিক্রমকে। মুক্তির দিন ১৯ জুন।
ছবির গল্পে উঠে এসেছে এক তরুণ সাংবাদিকের জীবনসংগ্রাম। অনাথ আশ্রমে বড় হওয়া সেই যুবক সংসার গড়ে তোলে এবং কন্যাসন্তানের বাবা হয়। কিন্তু সুখের মাঝেই সামনে আসে এক ভয়ংকর শিশুপাচার চক্রের সত্যি। একদিকে দায়িত্ববান বাবা, অন্যদিকে সত্যের সন্ধানে সাংবাদিক, এই দুই সত্তার টানাপোড়েনই ছবির মূল আকর্ষণ। বাস্তব জীবনেও সদ্য কন্যাসন্তানের বাবা হয়েছেন বিক্রম। তাই পর্দায় এমন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর কাছে আরও আবেগঘন। অভিনেতার কথায়, বাবা-মেয়ের সম্পর্কের আবেগই তাঁকে ছবিটির প্রতি টেনেছে।
ছবির ট্যাগলাইনও যথেষ্ট নজরকাড়া সন্তানের জন্য একজন বাবা কতদূর যেতে পারেন, সেই বার্তাই তুলে ধরবে এই সিনেমা। বাবা ছবিতে আরও অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, মমতাশঙ্কর, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু-সহ একাধিক পরিচিত মুখ। পরিচালনার পাশাপাশি এই ছবির মাধ্যমে প্রযোজনাতেও নতুন সফর শুরু করছেন জিৎ চক্রবর্তী।







