বাংলার সংস্কৃতিকে তুলে ধরে রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি । শনিবার , ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান । বিজেপি কার্যত এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে শুধু অনুষ্ঠান হিসেবে নয় , এক সাংস্কৃতিক মহোৎসব রূপে দেখছে । আর তারই ইঙ্গিত , রবীন্দ্র জয়ন্তীর দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন হিসেবে বেছে নেওয়া ।
জানা গিয়েছে , শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন , বাঙালি পোশাক – ধুতি ও পাঞ্জাবি পরেই নবনির্বাচিত বিধায়করা মঞ্চে হাজির থাকবেন । রবীন্দ্রসংগীতের সুরের মূর্ছনায় এই এই অনুষ্ঠানের সূচনা হবে ।
নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি উপভোগ কিংবা অমিত শাহের মুখে বর্ধমানের ঐতিহ্যবাহী মিষ্টির প্রশংসা— বাংলার রাজনীতিতে খাবারের গুরুত্ব বরাবরই বিশেষ। সেই ঐতিহ্য বজায় রেখেই শপথ অনুষ্ঠানের মেনুতেও থাকছে বিশেষ আয়োজন। অতিথিদের জন্য রাখা হচ্ছে ঝালমুড়ি, জিআই স্বীকৃত বর্ধমানের জনপ্রিয় সীতাভোগ ও মিহিদানা। প্রচারের সময় অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফল প্রকাশের পর তিনি প্রধানমন্ত্রীকে সীতাভোগ খাওয়াবেন। সূত্রের দাবি, শপথগ্রহণের মঞ্চেই সেই মুহূর্তের সাক্ষী থাকতে পারে বাংলা।
রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলার বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক, ক্রীড়াজগতের ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র তারকাদের। উপস্থিত থাকার কথা বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদেরও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই শপথ অনুষ্ঠানের প্রতিটি পরতে থাকবে বাঙালিয়ানার আবহ। জানা গিয়েছে, অনেককেই দেখা যাবে ধুতি-পাঞ্জাবিতে। পাশাপাশি অনুষ্ঠানে বেজে উঠবে রবীন্দ্রসঙ্গীতও।
তবে এখন সকলের নজর একটাই প্রশ্নে— কে হতে চলেছেন সেই ‘ভূমিপুত্র’ মুখ্যমন্ত্রী? শুক্রবারের বৈঠকেই সেই নামের উপর চূড়ান্ত অনুমোদন দিয়ে ঘোষণা করতে পারেন শাহ। একদিকে রবীন্দ্রসংগীতের আবহ, অন্যদিকে ঝালমুড়ি ও সীতাভোগের বাঙালিয়ানায় মাখা আয়োজন— সব মিলিয়ে এক ভিন্ন স্বাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের অপেক্ষায় শহর কলকাতা। রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের বার্তার পাশাপাশি বাঙালির সংস্কৃতি ও আবেগকে সামনে রেখেই নতুন শাসনের সূচনা করতে চাইছে গেরুয়া শিবির।






