খেলাধুলা

দেশে ফিরলেই মৃত্যুর আশঙ্কা! অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন ইরানের ৭ মহিলা ফুটবলার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে আন্তর্জাতিক খেলাধুলার মঞ্চেও। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সঙ্কটের জেরে একদিকে যেমন বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড, অন্যদিকে প্রাণভয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ইরানের মহিলা ফুটবল দলের সাত সদস্য।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশ নিতে ইরানের মহিলা ফুটবল দল সম্প্রতি গোল্ড কোস্টে পৌঁছেছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে জড়িয়ে পড়েন দলের ফুটবলাররা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় কোনও ফুটবলারই গলা মেলাননি। মনে করা হচ্ছে, ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই পদক্ষেপ করেন তাঁরা। সেই ঘটনার পর থেকেই দেশে ফেরার বিষয়ে চরম উদ্বেগে ছিলেন ফুটবলাররা।

ইরানে দীর্ঘদিন ধরেই নারী স্বাধীনতা নিয়ে বিতর্ক রয়েছে। হিজাব-বিরোধী আন্দোলন থেকে শুরু করে নীতি পুলিশের হাতে মহিলা প্রতিবাদীদের মৃত্যুর অভিযোগ— সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের ভেতর অস্থিরতা আরও বেড়েছে। এই প্রেক্ষাপটেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ওই ফুটবলারদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দেওয়া হয়। ফলে দেশে ফিরলে তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে ইরানের মহিলা ফুটবল দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় মানবিক ভিসার আবেদন করেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, ইতিমধ্যেই সাতজনকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। প্রথমে পাঁচ ফুটবলারকে আশ্রয় দেওয়ার ঘোষণা করা হয়, পরে আরও এক ফুটবলার ও এক সাপোর্ট স্টাফকেও আশ্রয় দেওয়া হয়েছে।

বার্ক বলেন, “ইরানের মহিলা ফুটবলারদের সাহস এবং সংকল্প আমাদের মুগ্ধ করেছে। তাঁরা যদি অস্ট্রেলিয়ার মানবিক ভিসা নিতে চান, যা ভবিষ্যতে স্থায়ী ভিসা পাওয়ার পথ তৈরি করবে, সেই সুযোগ আমরা তাঁদের সামনে খুলে দিয়েছি।” অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংও জানিয়েছেন, “ইরানের জনগণের পাশে রয়েছে অস্ট্রেলিয়া।”

তবে দলের কয়েকজন সদস্য পরিবারের সঙ্গে আলোচনা করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বর্তমানে কুয়ালালামপুরে রয়েছেন এবং সেখান থেকে ইরানের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ইরাকের ফুটবল দলেও। বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের সূচি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে ইরাক ফুটবল ফেডারেশন। ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ফুটবলারদের দেশের বাইরে নিয়ে যাওয়া এবং প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, “এই মুহূর্তে খেলোয়াড়দের নিরাপদে ইরাকের বাইরে নিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ। ফিফা যদি ম্যাচের সূচি পিছিয়ে দেয়, তাহলে আমরা প্রস্তুতির সুযোগ পাব।”

উল্লেখ্য, ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি ইরাক। প্রায় চার দশক পর আবার সেই সুযোগের সামনে দাঁড়িয়ে দলটি। তাই এই সংকটের মধ্যেও বিশ্বকাপের স্বপ্ন পূরণে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যেতে চান ইরাকের কোচ ও ফুটবলাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.