দুই দশকের দাম্পত্য ভেঙেছে আরবাজ খানের সঙ্গে। ছয় বছরের সম্পর্ক ভেঙেছে অর্জুন কাপুরের সঙ্গে। জীবনের এই সন্ধিক্ষণে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, আবার কি বিয়ের কথা ভাবছেন তিনি? জবাবে মালাইকা প্রথমে বলেন,”বিয়ে করার আগে প্রতিটি মেয়েরই সময় নিয়ে নিজের জীবন গুছিয়ে নেওয়া উচিত। কম বয়সি আমিকে আমি এই পরামর্শই দিতাম আগে কাজ করো, প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে।” এরপর সাংবাদিকের প্রশ্নে লাজুক হেসে তিনি জানান,”বলা যায় না। আমি সব সময় বলি, আমি ভীষণ রোম্যান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। তাই ভবিষ্যতে কী হয় বলা মুশকিল।” এই বক্তব্য ঘিরেই বলিপাড়ায় তুমুল গুঞ্জন, তবে কি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা?
২০১৬ সালে আলাদা থাকার সিদ্ধান্ত নেন মালাইকা ও আরবাজ, আর ২০১৭ সালে তাঁদের আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়। এর পরপরই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। বয়সের পার্থক্য নিয়ে বিস্তর সমালোচনা হলেও, তা কখনও পাত্তা দেননি দুজনেই। একসময় অর্জুন বান্দ্রায় মালাইকার বাড়ির কাছেই ২০ কোটি টাকায় ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু দীর্ঘ ছয় বছরের সম্পর্ক এবার ভেঙেছে। যদিও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে, যা স্পষ্ট হয়েছিল মালাইকার সৎ বাবার প্রয়াণের সময় অর্জুনের পাশে থাকার ঘটনায়।
এদিকে মাসখানেক আগে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গকারার সঙ্গে মালাইকার নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল। এখন আবার তাঁর নিজের মুখেই শোনা গেল বিয়ের সম্ভাবনার ইঙ্গিত। ফলে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে, তবে কি নতুন প্রেমের স্রোতে ভাসছেন মুন্নি?







