বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর এবার জেলা পরিষদগুলির ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সক্রিয় হল তৃণমূল কংগ্রেস। রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পরও অধিকাংশ জেলা পরিষদ এখনও তৃণমূলের দখলে থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, সেগুলির ভবিষ্যৎ কী হবে। এই আবহে রবিবার কালীঘাটে জেলা পরিষদের সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee এবং প্রাক্তন মন্ত্রী Chandrima Bhattacharya।
সূত্রের খবর, বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দেন— কোনওভাবেই ভেঙে পড়া চলবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাকে এত অত্যাচার করছে, আমি কি ভেঙে পড়েছি? আপনারা কেন ভেঙে পড়বেন?” পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশও দেন তিনি।
দলের অন্দরে প্রকাশ্যে বাকযুদ্ধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রকাশ্যে না এনে লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
এদিন মমতা আরও জানান, কয়েকদিনের মধ্যেই কলকাতার দলীয় কার্যালয় রং করার কাজ শুরু করবেন তিনি নিজে। একই দিনে রাজ্যজুড়ে দলীয় কার্যালয় সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান।
জেলা পরিষদ ভেঙে যাওয়ার জল্পনা উড়িয়ে মমতার বার্তা, “জেলা পরিষদ নির্বাচিত বোর্ড, সহজে ভাঙা যায় না।” তবে সঙ্গে এও বলেন, “কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন।”







