দেগঙ্গায় ১৩ বছরের নাবালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মায়ের বিরুদ্ধেই ছেলেকে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই স্বাতী পাল নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি দেগঙ্গা থানার যাদবপুর গ্রামের। স্থানীয় সূত্রের দাবি, রাতে বাড়িতে বহিরাগতদের যাতায়াত নিয়ে মায়ের সঙ্গে ছেলের প্রায়ই বিরোধ হত। ঘটনার রাতেও একই বিষয় নিয়ে অশান্তি হয়েছিল বলে অভিযোগ। এরপর বাড়ির বারান্দা থেকে নাবালককে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, মায়ের ব্যক্তিগত সম্পর্কের বিরোধিতা করায় ছেলের উপর হামলা চালানো হয়েছিল। মৃতের বাবার আরও অভিযোগ, ঘটনার সময় বাড়িতে একাধিক ব্যক্তি থাকতে পারেন। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্ত করে দেখছে পুলিশ।
অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। নাবালকের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পিছনে ঠিক কী হয়েছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে দেগঙ্গা থানার পুলিশ।







