কলকাতা

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিস! এবার কি তাঁর বাড়িতেও চলবে বুলডোজার?

মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্যে কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান শুরু হয়েছে। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন ও কালীঘাটের দুই বাড়িতেও পুরসভার নোটিস পৌঁছেছে। বাড়ির সামনে ইতিমধ্যেই সেই নোটিস টাঙানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনও বেআইনি নির্মাণ থেকে থাকে, তবে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। না হলে পুরসভা নিজেই ভাঙার পদক্ষেপ নেবে।

হরিশ মুখার্জি রোডে অবস্থিত বিশাল শান্তিনিকেতন ভবনটি রাজ্যের বহু মানুষের কাছেই পরিচিত। ওই বাড়িতেই স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তাঁর নামে বা পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও কয়েকটি সম্পত্তি। এর মধ্যে ১২১ কালীঘাট রোডের বাড়িটি রয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তবে ওই সম্পত্তিকে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি হিসেবেও দেখানো হয়েছে। এবার কলকাতা পুরসভার নজরে এসেছে ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি। সম্প্রতি এই দুই সম্পত্তির খতিয়ান চেয়ে নোটিস পাঠিয়েছে পুরসভা। নোটিসে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ঠিকানাগুলিতে থাকা নির্মাণের কিছু অংশ অনুমোদিত নকশার বাইরে হতে পারে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, অতিরিক্ত কোনও নির্মাণ করা হয়ে থাকলে তার জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না।

সূত্রের খবর, পুরসভার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট অংশটি ৭ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থেকে সেই পদক্ষেপ না নেন, তাহলে পুরসভাই তা ভাঙার ব্যবস্থা করবে। অর্থাৎ তাঁর বাড়িতেও চলতে পারে বুলডোজার অভিযান।

এবিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন , “তিনি কিছুই জানেন না। নোটিস পাঠানো নিয়ে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি।” উল্লেখ্য, বিজেপি বিধায়ক তাপস রায় এই নিয়ে বলেন, “আসলে ফিরহাদকে এখন আর কেউ মানছে না। গুরুত্ব দিচ্ছে না। তাই উনিও কারও সঙ্গে কথা বলছেন না। কিছু জানতেও পারছেন না। তবে যদি নোটিস পাঠানো হয়ে থাকে, একেবারে ঠিক কাজ করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.