অফবিট

দাবদাহে শরীর রাখুন ঠান্ডা, পাতে রাখুন গ্রিক ইয়োগার্ট রায়তা! স্বাদে-স্বাস্থ্যে গ্রীষ্মের সুপারফুড

গরম বাড়লেই শরীর চায় ঠান্ডা ও হালকা খাবার। আর সেই তালিকায় রায়তার নাম থাকবেই। তবে প্রতিদিনের টম্যাটো-পেঁয়াজের সাধারণ রায়তার বদলে এবার ট্রাই করতে পারেন একটু অন্যরকম, আরও পুষ্টিকর এক রেসিপি— গ্রিক ইয়োগার্ট রায়তা। স্বাদে যেমন অনন্য, তেমনই পুষ্টিগুণেও ভরপুর এই পদ গরমের দিনে শরীরকে রাখবে সতেজ ও হাইড্রেটেড।

সাধারণ টক দইয়ের বদলে গ্রিক ইয়োগার্ট ব্যবহার করায় এই রায়তার টেক্সচার হয় অনেক বেশি ক্রিমি ও মসৃণ। তার সঙ্গে যোগ হয় তিসি ও চিয়া বীজের মতো সুপারফুড। ফলে এই এক বাটিতেই মিলবে ক্যালশিয়াম, ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই-সহ একাধিক জরুরি পুষ্টি উপাদান। বিশেষজ্ঞদের মতে, এই উপাদানগুলি হাড় মজবুত রাখা থেকে শুরু করে ত্বক, চুল ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।

এই রায়তার অন্যতম আকর্ষণ হল এর সতেজ স্বাদ। শসা, ধনেপাতা ও পুদিনাপাতার মিশ্রণে তৈরি হয় এক ঠান্ডা অনুভূতি, যা গরমে শরীরকে আরাম দেয়। পাশাপাশি ভাজা জিরের গুঁড়ো যোগ করে আলাদা সুগন্ধ ও স্বাদ।

বানানোর পদ্ধতিও খুব সহজ। প্রথমে ঠান্ডা বাটিতে গ্রিক ইয়োগার্ট ভাল করে ফেটিয়ে নিন। তারপর তাতে মেশান মিহি করে কাটা শসা, ধনেপাতা ও পুদিনাপাতা। উপরে ছড়িয়ে দিন রোস্ট করা তিসি ও চিয়া বীজ। শেষে নুন ও ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে কিছু ক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

ভাত, গ্রিলড চিকেন, রোল, র‌্যাপ কিংবা হালকা ডিনারের সঙ্গেও এই রায়তা দারুণ মানিয়ে যায়। গরমে সুস্থ থাকতে চাইলে এই স্বাস্থ্যকর ও সুস্বাদু পদ সহজেই জায়গা করে নিতে পারে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.