তথ্য ফাঁস রুখতে এবং প্রশাসনের সমালোচনা বন্ধ করতে সরকারি কর্মীদের উপর জারি হওয়া নবান্নের ‘মেগা নিষেধাজ্ঞা’ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। এবার সেই ইস্যুতেই সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ Abhishek Banerjee। বিজেপি সরকারের এই নতুন নির্দেশিকাকে তিনি সরাসরি ‘গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা’ বলে আক্রমণ করেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এই সার্কুলারের মূল উদ্দেশ্য প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখা নয়, বরং সরকারি কর্মীদের মুখ বন্ধ করে দেওয়া। তাঁর কথায়, “এই সার্কুলার জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বার্তা। এটা সুশাসনের জন্য নয়, বরং গোটা বাংলার সরকারি কর্মচারীদের জোর করে নীরব রাখার এক মরিয়া চেষ্টা।”
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, সরকারি কর্মচারীরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে পারবেন না, নিবন্ধ বা প্রবন্ধ লিখতে পারবেন না, মিডিয়ার অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের সমালোচনাও করা যাবে না। এমনকি এমন কোনও মন্তব্য থেকেও বিরত থাকতে বলা হয়েছে, যাতে কেন্দ্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে।
এই নির্দেশিকার তীব্র সমালোচনা করে অভিষেক বলেন, বিজেপির “রিমোট-কন্ট্রোল শাসনে” এখন নীরবতাই প্রশাসনের প্রধান যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। তাঁর অভিযোগ, এই সার্কুলার আসলে বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার এবং মৌলিক অধিকারকে পদ্ধতিগতভাবে দমিয়ে দেওয়ার নীলনকশা।
চরম কটাক্ষ করে তিনি লেখেন, “তোমাকে যা ভাবতে বলা হবে, তুমি সেটাই ভাববে। আর যখন অনুমতি দেওয়া হবে, তখনই মুখ খুলবে।”
রাজনৈতিক মহলের মতে, বাংলায় ক্ষমতার পালাবদলের পর প্রশাসনিক এই ‘মিডিয়া গ্যাগ অর্ডার’ ঘিরে শাসক-বিরোধী সংঘাত আগামী দিনে আরও তীব্র হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক পোস্ট সেই সংঘাতেরই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।







