দেশ

প্রশাসনিক সংস্কারে জোর মোদীর, দ্রুত সিদ্ধান্তের বার্তা মন্ত্রিসভায়

প্রশাসনিক জটিলতা কমিয়ে নিয়মকানুন আরও সহজ করার দিকেই জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই সংস্কারমূলক পদক্ষেপকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট জানান, এখন অতীতের সাফল্যে থেমে থাকার সময় নয়, বরং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার ওই বৈঠকে প্রশাসনিক সংস্কার, সরকারি ব্যবস্থার পরিবর্তন এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সাল থেকে আমাদের সরকার কাজ করছে, এখন ২০২৬। তাই এখন সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করাই মূল লক্ষ্য। অতীত নিয়ে পড়ে থাকার সময় নয়।”

তিনি আরও বলেন, “‘বিকশিত ভারত ২০৪৭’ শুধুমাত্র একটি স্লোগান নয়, এটি দেশের ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।”

বৈঠকে মন্ত্রীদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সরকারি কাজ যাতে অযথা প্রক্রিয়াগত জটিলতায় আটকে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যেই উন্নয়নমূলক প্রকল্প শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি, বিতর্ক এড়িয়ে কাজের গতি বাড়ানোর পরামর্শও দেন তিনি।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য আর্থিক প্রভাব মাথায় রেখেই সরকারের ভবিষ্যৎ কৌশল নিয়ে এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল বলে সূত্রের খবর। সেখানে জ্বালানি সঙ্কট মোকাবিলায় বায়ো-গ্যাস উৎপাদন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিন নীতি আয়োগের সদস্য Rajiv Gauba-র নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ নিয়েও আলোচনা হয়। কৃষি, বাণিজ্য, কর্পোরেট বিষয়ক দফতর, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন ও পরিবেশ-সহ মোট নয়টি মন্ত্রকের সংস্কারমূলক কাজের অগ্রগতি তুলে ধরা হয় বৈঠকে। অন্যান্য মন্ত্রকের রিপোর্ট পেশ করেন ক্যাবিনেট সচিব। এছাড়াও বিদেশমন্ত্রী S. Jaishankar প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পাঁচ দেশের সফরের কূটনৈতিক গুরুত্ব নিয়ে একটি প্রেজেন্টেশন দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.