কলকাতা পুরসভার মেয়র পারিষদদের হঠাৎই ডেকে পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, ইতিমধ্যেই কলকাতার মেয়র-সহ সমস্ত মেয়র পারিষদ সদস্য পৌঁছে গিয়েছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। তবে কী কারণে এই বৈঠক ডাকা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অনেকেই।
ইতিমধ্যেই কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠক বাতিল হয়েছে। সেই অধিবেশন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এমনকি বিষয়টি থানাতেও পৌঁছেছে। পুরসভার এক মেয়র পারিষদ সদস্যকেও তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে আচমকা মমতার ডাকে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতা পুরসভার কাউন্সিলরদেরও বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়েও যথেষ্ট চর্চা হয়েছিল। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথিত অবৈধ বাড়ি ভাঙার নোটিস নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। সূত্রের খবর, কলকাতা পুরসভায় থেকেও কেন এই বিষয়ে মেয়র আগে কিছু জানতেন না, তা নিয়ে কালীঘাটের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা।
গত কয়েকদিন ধরে কলকাতা পুরসভার অন্দরে অস্থিরতা বাড়ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরসভার প্রথম মাসিক অধিবেশন বাতিল করে বিজ্ঞপ্তি জারি করেছিলেন পুর কমিশনার স্মিতা পান্ডে। পাশাপাশি বদলি করা হয়েছে পুরসভার সচিব স্বপন কুণ্ডুকেও। আচমকা অধিবেশন বাতিল হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন কলকাতার মেয়র ও তৃণমূলের একাধিক কাউন্সিলর। এই পরিস্থিতিতে মেয়র পারিষদদের সঙ্গে বৈঠকে মমতা কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







