কলম্বো: মাঠের বাইরের বিতর্কে ইতি পড়তেই বদলে গেল পাকিস্তানের পারফরম্যান্স। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নড়বড়ে ক্রিকেটের পর মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুরোপুরি অন্য রূপে ধরা দিল শাহিন আফ্রিদি–বাবর আজমদের দল। গত বিশ্বকাপে যে আমেরিকার কাছে হেরে চরম অস্বস্তিতে পড়েছিল পাকিস্তান, সেই একই প্রতিপক্ষকে ৩২ রানে হারিয়ে বড় স্বস্তি পেল বাবর ব্রিগেড।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আমেরিকা। ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ওপেনিং জুটিতে সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহান তুলে দেন ৫৪ রান। আয়ুব ১৯ রানে ফিরলেও ফারহানের ব্যাটে আসে ঝকঝকে ইনিংস—৪১ বলে ৭৩ রান। দীর্ঘদিন পরে রান পেলেন বাবর আজমও। ৩২ বলে ৪৬ রানের সাবলীল ইনিংস খেলেন পাক অধিনায়ক। তবে বাবর-ফারহান আউট হওয়ার পর লোয়ার অর্ডারে ধস নামে। একসময় ২০০ ছোঁয়ার ইঙ্গিত থাকলেও পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ১৯০ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় আমেরিকা। শাহিন আফ্রিদিদের সুসংহত পেস আক্রমণে পাওয়ারপ্লেতেই রানের গতি হারায় মার্কিন ব্যাটিং। সায়ান জাহাঙ্গির, শুভম রঞ্জন ও মিলিন্দ কুমার শেষদিকে লড়াইয়ের চেষ্টা করলেও পাহাড়প্রমাণ চাপ সামলাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে আমেরিকার ইনিংস।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর এই জয় নিঃসন্দেহে পাকিস্তান শিবিরে বড় স্বস্তি এনে দেবে। বিশেষ করে, এই সেই আমেরিকা—যাদের কাছে সদ্য হারতে হয়েছে ভারতকে। আসন্ন মহারণের আগে বাবরদের আত্মবিশ্বাস বাড়াতে এই জয় নিঃসন্দেহে ‘অক্সিজেন’-এর কাজ করবে।







