কলকাতা

রিল বানানোর নেশায় নাবালকের উপর ভয়াবহ অত্যাচারের অভিযোগ, গড়ফায় গ্রেপ্তার চার

সোশাল মিডিয়ায় রিল তৈরির নেশা থেকে এক নাবালকের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। খাস কলকাতার গড়ফায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য-সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি গড়ফার নেলিনগর এলাকার। নির্যাতিত কিশোর এবং অভিযুক্তরা সকলেই ওই এলাকার বাসিন্দা। অভিযোগ, খেলার ছলে এলাকার কয়েকজন যুবক ও নাবালক মিলে ওই কিশোরের উপর অত্যাচার চালায়। প্রথমে তার মাথায় হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। এরপর মাথায় আঘাত করা শুরু হয়। একপর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে কিশোরটি হেলমেট খুলে ফেলে। তাতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা।

অভিযোগ, এরপর শাস্তি দেওয়ার অজুহাতে একটি বাইক থেকে পেট্রল বের করা হয়। জোর করে কিশোরকে তা খাওয়ানোর চেষ্টা করা হয়। সে বাধা দেওয়ায় তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গোটা ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ডও করা হয়। পরে সেই ভিডিও ব্যবহার করেই সোশাল মিডিয়ায় রিল তৈরি করে অভিযুক্তরা।

ঘটনার পর নির্যাতিতের পরিবারের তরফে গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিও তদন্তকারীদের নজরে আসে। এরপরই তদন্তে নেমে মূল অভিযুক্ত অর্ঘ্য-সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন নাবালক রয়েছে বলেও খবর।

তবে ঠিক কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটানো হল, তা এখনও পরিষ্কার নয়। শুধুই সোশাল মিডিয়ায় রিল তৈরির নেশা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে গড়ফা থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.