‘বিস্ময় বালক’ অভিধাটাও যেন এখন বৈভব সূর্যবংশীর কৃতিত্বের সামনে ম্লান। অভিধানে খুঁজলেও হয়তো তার প্রতিভার যথার্থ ব্যাখ্যা মেলা কঠিন। যে সাফল্যের জন্য অনেক ক্রিকেটার বছরের পর বছর অপেক্ষা করেন, বৈভব তা অর্জন করেছে মাত্র ১৫ বছর বয়সেই। এবারের আইপিএলে একের পর এক দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি গড়েছে একাধিক নজির। দল রাজস্থান রয়্যালস ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত সাফল্যের প্রায় সব বড় সম্মানই উঠে এসেছে তার ঝুলিতে।
মাত্র ১৫ বছর বয়সে যা কল্পনা করাও কঠিন, সেটাই বাস্তবে করে দেখিয়েছে বৈভব। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান, গড় ৪৮.৫০। পুরো টুর্নামেন্টে হাঁকিয়েছে ৭২টি ছক্কা এবং চারবার হয়েছে ম্যাচের সেরা। এলিমিনেটরে খেলেছে ৯৭ রানের ঝকঝকে ইনিংস, কোয়ালিফায়ারে করেছে ৯৬। একবার নয়, দু’বার নয়— তিনবার সেঞ্চুরির খুব কাছে গিয়ে থেমেছে। ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে গিয়েই বারবার বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে সে।
এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে একাধিক পুরস্কারও জিতেছে বৈভব। ৭৭৬ রান করে পেয়েছে অরেঞ্জ ক্যাপ, যার জন্য মিলছে ১০ লক্ষ টাকা। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার (এমভিপি) নির্বাচিত হয়ে পেয়েছে আরও ১৫ লক্ষ টাকা। সর্বোচ্চ স্ট্রাইক রেটের জন্য ১০ লক্ষ টাকা এবং সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর জন্য আরও ১০ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটার বা ইমার্জিং প্লেয়ার হিসেবেও নির্বাচিত হয়েছে সে, যার জন্য রয়েছে আরও ১০ লক্ষ টাকার পুরস্কার। সব মিলিয়ে পুরস্কারমূল্য দাঁড়িয়েছে ৪৫ লক্ষ টাকা। এর সঙ্গে রয়েছে একটি গাড়ি এবং চারটি ম্যাচসেরার সম্মান।
শুধু পুরস্কারেই নয়, রেকর্ড বইয়েও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছে বৈভব। টুর্নামেন্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপজয়ী সে। জাতীয় দলে অভিষেক না হওয়া কোনও ক্রিকেটারের এক মরশুমে সর্বাধিক রান করার নজিরও এখন তার দখলে। এক মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড, প্লে-অফে সবচেয়ে বেশি ছক্কার নজির— সবই এখন বৈভবের নামে। মাত্র ১৬ বলে যৌথভাবে দ্রুততম অর্ধশতরান, কিংবা এক মরশুমে তিনবার ৯০-এর ঘরে পৌঁছে সেঞ্চুরি মিস করার বিরল ঘটনা— সব ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রে এই কিশোর। ১৫ বছর বয়সেই অসংখ্য রেকর্ড গড়ে ফেলেছে বৈভব সূর্যবংশী। এবার শুধু অধরাই থেকে গেল আইপিএলের ট্রফি।







