খেলাধুলা

কোহলির ব্যাটেই চ্যাম্পিয়ন আরসিবি, স্বপ্নপূরণের রাতে আবেগঘন কিং বিরাট

আর মাত্র এক রান প্রয়োজন ছিল। ১৯তম ওভারের শেষ ডেলিভারিতে গুজরাত টাইটান্সের আরশাদ খানের বল সোজা গ্যালারির বাইরে পাঠিয়ে দেন বিরাট কোহলি। সেই ছক্কাতেই নিশ্চিত হয়ে যায় আইপিএল ২০২৬-এর শিরোপা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মুহূর্তের মধ্যে আহমেদাবাদের স্টেডিয়াম জুড়ে শুরু হয় আরসিবি সমর্থকদের উল্লাস। হেলমেট খুলে উদযাপনে মেতে ওঠেন কোহলি, আর গ্যালারিতে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন অনুষ্কা শর্মা।

ম্যাচের পর বিরাট জানান, এমন মুহূর্তের স্বপ্ন তিনি বহুবার দেখেছেন। তাঁর কথায়, “এটা যেন অবিশ্বাস্য এক অনুভূতি। অনেকবার কল্পনা করেছি, দলের জয়ের শেষ শটটা আমার ব্যাট থেকেই আসবে।” তিনি আরও বলেন, “এই দলের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস। এখন আর মনে হয় না সব দায়িত্ব আমার কাঁধে। দলের প্রত্যেক ক্রিকেটার ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা জানতাম নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে আমাদের হারানো কঠিন। লিগ পর্বেও আমরা সবার ওপরে ছিলাম।”

আইপিএলের প্রথম ট্রফির জন্য আরসিবিকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ১৮ বছর। তবে দ্বিতীয় শিরোপা এল মাত্র এক বছরের ব্যবধানে। কোহলি জানান, শুরু থেকেই দল নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছিল। তিনি বলেন, “আমাদের প্রথম উদ্দেশ্য ছিল পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা, সেটা আমরা অর্জন করেছি। এরপর লক্ষ্য ছিল ফাইনাল জেতা। অনেকেই জানতে চেয়েছিলেন, ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে চাই। আমরা সবসময় বলেছি, প্রতিপক্ষ নয়, নিজেদের খেলাতেই মন দিতে চাই। এটা প্রতিপক্ষকে অসম্মান নয়, বরং নিজেদের সামর্থ্যের উপর আস্থা। দলে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে, যারা চাপের মুহূর্তে দলকে দারুণভাবে সাহায্য করেছে। উত্তেজনা থাকবেই, তবে দায়িত্বশীল ক্রিকেট খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এই ম্যাচে নিজের আইপিএল কেরিয়ারের দ্রুততম অর্ধশতরানও পূরণ করেন কোহলি। এ প্রসঙ্গে তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটের ধরণ অনেক বদলে গিয়েছে। নতুন প্রজন্মের ক্রিকেটাররা যেভাবে খেলছে, তাতে নিজেকেও উন্নত করতে হয়। আমি সবসময় চেষ্টা করি কীভাবে আরও কার্যকর হওয়া যায়।”

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেঙ্গালুরু। কোহলি এবং ভেঙ্কটেশ আইয়ার দলের ইনিংসের ভিত গড়ে দেন। মাঝপথে কয়েকটি উইকেট হারালেও জয়ের রাস্তা থেকে সরে যায়নি আরসিবি। অন্যদিকে, গুজরাত টাইটান্সের ব্যাটিং শুরু থেকেই চাপে ছিল এবং নিয়মিত উইকেট হারিয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় তারা।

শিরোপা জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রুণাল পাণ্ডিয়াও। তাঁর বক্তব্য, “ট্রফি জেতার বিষয়ে আমাদের কোনও দ্বিধা ছিল না। প্রতিটি শিরোপাই আমার কাছে সমান মূল্যবান।” তিনি জানান, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচ এবং একটি পরাজয়ের পরই দল ঘুরে দাঁড়ানোর প্রেরণা খুঁজে পেয়েছিল। ক্রুণালের কথায়, “১১ বছরে পাঁচটি আইপিএল ট্রফি জেতা নিঃসন্দেহে বিশেষ অনুভূতি। এই জয় সমর্থকদের জন্য।”

অন্যদিকে, জিতেশ শর্মা সাফল্যের কৃতিত্ব দিয়েছেন টিম ম্যানেজমেন্ট এবং দীনেশ কার্তিককে। তিনি বলেন, “মো বোবাট আমাদের বলেছিলেন, আমরা ট্রফির পেছনে ছুটতে নামিনি, ট্রফিকে নিজেদের করে নিতে নেমেছি। এই মানসিকতাই দলের ভাবনা বদলে দিয়েছিল। কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট সবসময় আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। দীনেশ কার্তিকও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.