কয়েকদিন আগেই কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে একটি বেডরুম ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয়ে বিছানা-বালিশ ও কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্রনাথ চক্রবর্তী একসময় পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিধায়ক ছিলেন। চলতি বিধানসভা নির্বাচনেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়েছিলেন। তবে নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে বিতরণ না করে ব্যক্তিগত অফিসে মজুত করে রাখা হয়েছিল।
শুক্রবার সেই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বহু মানুষ। শতাধিক বিক্ষোভকারী প্রাক্তন বিধায়কের বাড়ি ও কার্যালয় ঘেরাও করেন। পরে তাঁরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে ত্রিপল-সহ একাধিক সামগ্রী দেখতে পান, যা সাধারণ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।
এরপর কার্যালয়ের ভিতর থেকে আরও কিছু বিষয় সামনে আসে। দেখা যায়, সেখানে সুসজ্জিত দুটি কক্ষ রয়েছে, যেখানে বিছানা, তোষক ও বালিশ রাখা ছিল। একটি ঘরের ড্রয়ার খুলে পাওয়া যায় একাধিক কন্ডোমের প্যাকেট। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরেই এ ধরনের কার্যকলাপ চলছিল, তবে সাধারণ মানুষ নানা কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি। উল্লেখ্য, সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজে একটি বেডরুম উদ্ধারের ঘটনায়ও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি কন্ডোমও পাওয়া গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর এবার পাণ্ডবেশ্বরের ঘটনাও নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিয়েছে।







