জেলারাজনীতি

নিশীথ প্রামাণিকের মন্তব্য ঘিরে দিনহাটায় তীব্র উত্তেজনা, হাতে কালি–মাখানো ছবি নিয়ে মহিলাদের অভিনব বিক্ষোভ

দিনহাটা: এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের মন্তব্য ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি ৮ নম্বর বুথ। হাতে এসআইআরের ফর্ম, অন্য হাতে নিশীথের মুখে কালি লাগানো ছবি—এমনই বিরল প্রতিবাদের সাক্ষী থাকল স্থানীয় মহিলারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দিনহাটার নির্দিষ্ট এলাকার নাম উল্লেখ করে বিজেপি নেতার সাম্প্রতিক মন্তব্য—“এক এক ব্যক্তির নাকি ৩০-৪০টি করে ছেলে আছে”—শুধু হাস্যকরই নয়, এলাকার মহিলাদের সরাসরি অপমান। সেই ক্ষোভেই আজ বিএলও এসআইআর ফর্ম দিতে আসতেই মহিলারা হাতে কালি–মাখানো ফটো তুলে প্রতিবাদ জানান।

মহিলাদের আরও অভিযোগ, এলাকায় কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই। তা সত্ত্বেও বিজেপি নেতা বারবার “বাংলাদেশি লুকিয়ে আছে” বলে প্রচার করে পরিস্থিতি উত্তপ্ত করছেন বলে দাবি তাঁদের।

ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল সাত্তার জানান, “নিশীথ প্রামাণিকের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যে সাধারণ মানুষের ক্ষোভই আজকের এই বিক্ষোভের কারণ।”

উল্লেখ্য, এর আগেও নিজের এলাকায় একাধিকবার প্রতিবাদ, কালো পতাকা এবং ডিমবৃষ্টি—সব কিছুর মুখোমুখি হয়েছেন নিশীথ প্রামাণিক। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন রাজনৈতিক তাপমাত্রা চড়ছে, তার মধ্যেই তাঁর মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াল দিনহাটায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.