বিনোদন

রূপোলী পর্দায় ফিরছেন ‘পঞ্চম দা’, আর ডি বর্মনের চরিত্রে ফারহান !

ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি নাম রাহুল দেব বর্মন। তাঁর সৃষ্টি করা অসংখ্য কালজয়ী সুর আজও শ্রোতাদের মনে সমানভাবে জায়গা করে রয়েছে। তবে তাঁর ব্যক্তিগত জীবনের বহু অজানা দিক এখনও সাধারণ মানুষের কাছে অচেনাই রয়ে গিয়েছে। সেই না-জানা গল্পগুলোকেই এবার বড়পর্দায় তুলে ধরতে চলেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক নীরজ পাণ্ডে।

টলিউড কিংবা বলিউড— জীবনীভিত্তিক ছবি নির্মাণ এখন আর নতুন বিষয় নয়। একজন মানুষের জীবনের নানা অপ্রকাশিত অধ্যায়কে দর্শকদের সামনে তুলে ধরার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বায়োপিক। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ‘পঞ্চম দা’ নামে পরিচিত আর ডি বর্মনের জীবনকাহিনি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে খুব শিগগিরই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এই বহু প্রতীক্ষিত ছবিতে আর ডি বর্মনের চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার। এর আগে ‘ভাগ মিলখা ভাগ’-এ কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। ফলে এটি হতে চলেছে তাঁর অভিনয় জীবনের দ্বিতীয় বায়োপিক। যদিও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কারা থাকবেন, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে কাস্টিং সংক্রান্ত আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে বলেই জানা গিয়েছে।

চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে ফারহান ইতিমধ্যেই আর ডি বর্মনের জীবন ও ব্যক্তিত্ব নিয়ে গভীরভাবে প্রস্তুতি শুরু করেছেন। তাঁর গান গাওয়ার ধরন, হাঁটাচলা এবং শরীরী ভাষা আয়ত্ত করার জন্য বিশেষ অনুশীলনও করছেন অভিনেতা।

যেহেতু ছবিটি সঙ্গীত জগতের এক কিংবদন্তিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, তাই সিনেমার গান যে অন্যতম বড় আকর্ষণ হবে, তা বলাই বাহুল্য। সত্তর দশকের সেই বিখ্যাত সুর ও আবহকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। শোনা যাচ্ছে, ছবির প্রয়োজনে আর ডি বর্মনের বেশ কয়েকটি জনপ্রিয় ও স্মরণীয় গানের স্বত্বও সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির জীবন অবলম্বনে নির্মিত ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ পরিচালনা করে বক্স অফিসে সাফল্য পেয়েছিলেন নীরজ পাণ্ডে। ফলে তাঁর নতুন এই প্রজেক্টকে ঘিরে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা ইতিমধ্যেই তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.