রাজ্যজুড়ে শুরু হল বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ‘স্বচ্ছতাকে স্বাগত’। সেই অভিযানের সূচনাতেই বুধবার সকালে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজারের মায়ের ঘাটে পৌঁছে সাফাই অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাড়ু হাতে ঘাট পরিষ্কার করার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণও করেন তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।-সহ রাজ্যের একাধিক জনপ্রতিনিধি। ঘাট পরিষ্কারের পর সংলগ্ন মন্দিরে পুজো ও আরতিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী।
নবান্ন ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে শুরু হওয়া এই পাঁচ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনের মূল লক্ষ্য গঙ্গার ঘাটগুলিকে পরিচ্ছন্ন করা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন ঘাট থেকে শুরু করে ঐতিহাসিক ধর্মীয় স্থান, বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ জনপরিসরগুলিতেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চালানো হবে।
পুর প্রশাসনের দাবি, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানের আগে শহরকে আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তুলতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাগবাজার ঘাটে এদিন মুখ্যমন্ত্রীর ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামার ছবি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। সরকারের বক্তব্য, পরিচ্ছন্নতা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, বরং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেই গড়ে উঠতে পারে একটি স্বচ্ছ ও সুন্দর বাংলা।







