দেশ

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়েছে সবাই’, বিদ্রোহী সাংসদদের কড়া হুঁশিয়ারি সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোর চর্চার কেন্দ্রে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)। দলের একাংশ সাংসদের বিদ্রোহের জল্পনার মধ্যেই এবার সরাসরি সতর্কবার্তা দিলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাউত দাবি করেন, দলের সাংসদরা বিভিন্ন দেবদেবী ও পরিবারের সদস্যদের নামে শপথ নিয়ে দল না ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর কথায়, “কেউ সাই বাবার নামে, কেউ মা ভবানীর নামে, আবার কেউ নিজের মা বা মেয়ের নামে শপথ নিয়েছেন। এরপরও যদি কেউ দলত্যাগ করেন, তাহলে তাঁদের রাজনৈতিকভাবে ছেড়ে কথা বলা হবে না।”

যদিও কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি রাউত এও জানিয়েছেন যে এখনও তিনি বিশ্বাস করেন দলের সব সাংসদ ঐক্যবদ্ধ রয়েছেন। তবে কেউ যদি দল ছাড়ার সিদ্ধান্ত নেন, তা তাঁদের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে গত কয়েকদিন ধরে উদ্ধব শিবিরে ভাঙনের জল্পনা তীব্র হয়েছে। সূত্রের খবর, দলের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জন আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁরা একনাথ শিন্ডে-র নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন।

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন উদ্ধব ঘনিষ্ঠ নেতারা। রাউতের পাশাপাশি অনিল দেশাই-ও সাংসদদের সঙ্গে যোগাযোগ রেখে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন। তবে এই রাজনৈতিক সংকট থেকে উদ্ধব শিবির কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেদিকেই এখন নজর মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.