উত্তর প্রদেশের ঝাঁসিতে ট্রেনের ভিতরে, আরপিএফ এবং জিআরপি এর যৌথ অভিযানে উদ্ধার ১২ লক্ষ টাকার রুপো পাশাপাশি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উৎকল এক্সপ্রেসে যাত্রা করছিলেন। ওই যুবকের কাছ থেকে পাওয়া যায় লক্ষাধিক টাকার ক্যাশও। রুপো ও টাকা নিয়ে জিআরপি তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক উত্তর দেয়নি।
পুরী থেকে ঋষিকেশ যাওয়ার ট্রেন উৎকল এক্সপ্রেস সকালবেলায় ঝাঁসি পৌঁছলে নিরাপত্তা বাহিনী ট্রেনটিতে তল্লাশি চালায়। গোপনসূত্র অনুযায়ী পুলিশ তল্লাশি চালায় ও এক যুবকে আটক করে। যুবকের ব্যাগ থেকে রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার করা হয়। জিআরপি যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার ব্যাগে পাওয়া রুপোর মোট ওজন সাড়ে ১১ কেজি। উদ্ধারকৃত রুপোর বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। পাশাপাশি যুবকের কাছ থেকে ৯.৩৯ লক্ষ টাকাও পাওয়া গিয়েছে।
আরপিএফ-এর ইনচার্জ ইন্সপেক্টর আর কে কৌশিক জানান, ‘ইন্সপেক্টর ক্রাইম উইং এবং জিআরপি যৌথভাবে ঝাঁসি স্টেশনে চেকিং অভিযান চালিয়েছিল। চার নম্বর প্ল্যাটফর্মে আসা উৎকল এক্সপ্রেসের এ-২ কোচে তল্লাশি চালানো হয়। ২৯ নম্বর সিটে বসা সন্দেহভাজন যাত্রীর ট্রলি ব্যাগ খুললে তাতে রুপোর গয়না রাখা ছিল। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকাও’।জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়া ওই যুবককে।







