ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত থেমেও যেন থামছে না। মাত্র কয়েকদিন আগেই সুইৎজারল্যান্ডে দুই দেশের মধ্যে সাময়িক সংঘর্ষবিরতির সমঝোতা হয়েছিল। খুলে দেওয়া হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ায়।
মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের দাবি, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। ওয়াশিংটনের অভিযোগ, এই হামলার মধ্য দিয়েই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে তেহরান। তারই পাল্টা জবাবে শুক্রবার দক্ষিণ ইরানে একাধিক মিসাইল ও ড্রোন ভাণ্ডার এবং উপকূলবর্তী র্যাডার সাইটে হামলা চালায় মার্কিন বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই পদক্ষেপকে ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক অঞ্চলে পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের সাংসদ ইব্রাহিম আজিজি অভিযোগ করেছেন, শান্তি আলোচনার মাঝেই আমেরিকা আবার হামলা চালিয়েছে। তাঁর হুঁশিয়ারি, সংঘর্ষবিরতি বারবার লঙ্ঘন হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
এই নতুন সংঘাতের জেরে ফের প্রশ্ন উঠছে, ইরান কি আবারও হরমুজ প্রণালীতে কড়া নিয়ন্ত্রণ বা অবরোধের পথে হাঁটবে? কারণ বিশ্বের তেল পরিবহণের একটি বড় অংশ এই জলপথ দিয়েই হয়। ইরান ইতিমধ্যেই জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজ যেন হরমুজ প্রণালী ব্যবহার না করে। যদিও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এখনও পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন জাহাজ বিকল্প রুট ব্যবহার করে চলাচল করছে।
পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে, তাতে পশ্চিম এশিয়ায় নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্বের নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।







