শনিবার একই দিনে দু’বার বিপর্যস্ত হল কলকাতা মেট্রোর ব্লু লাইন। সকালে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে পরিষেবা ব্যাহত হওয়ার পর, দুপুরেও একই ধরনের ঘটনায় ফের থমকে যায় মেট্রো চলাচল। যদিও দুই ক্ষেত্রেই মেট্রোর নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপে আত্মহত্যার চেষ্টা করা দু’জনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে আপ ও ডাউন—দুই লাইনেই পরিষেবা বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় ৭টা ২০ মিনিট নাগাদ কালীঘাট স্টেশনে আপ লাইনে এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করলেও কিছু সময়ের জন্য ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হয়। সেই সময় শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও, ময়দান ও মহানায়ক উত্তম কুমারের মাঝের অংশে পরিষেবা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিন্তু দুপুর প্রায় ৩টা ৭ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনেও ফের একই ধরনের ঘটনা ঘটে। শহিদ ক্ষুদিরামগামী একটি ডাউন মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকেও দ্রুত উদ্ধার করা হয়। তবে এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যদিও শনিবার ছুটির দিন হওয়ায় দুপুরে যাত্রীসংখ্যা তুলনামূলক কম ছিল, তবুও আংশিক পরিষেবা বন্ধ থাকায় বহু যাত্রী সমস্যায় পড়েন।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ব্লু লাইনের সম্পূর্ণ পরিষেবা চালুর চেষ্টা চলছে। তবে একই দিনে পরপর দু’টি আত্মহত্যার চেষ্টার ঘটনায় মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।






