রাজনীতি

শুভেন্দুর হুঁশিয়ারির জবাবে হুমায়ুনের পালটা চ্যালেঞ্জ, ‘রেজিনগরে আরও বড় ব্যবধানে জিতব’

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবীরকে কড়া ভাষায় সতর্ক করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং এমনও হতে পারে, এটাই হুমায়ুনের শেষ বক্তৃতা। সেই মন্তব্যের জবাবে এবার সরব হলেন এজেইউপি (আম জনতা উন্নয়ন পার্টি)-র নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়াবেন না। বরং তাঁর দাবি, আগামী নির্বাচনে রেজিনগরের মানুষ আগের তুলনায় আরও বেশি ব্যবধানে তাঁদের দলকে জয়ী করবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, রেজিনগরের উপনির্বাচনে নিজের ছেলেকে জেতানোর লক্ষ্যেই হুমায়ুন কবীর মুসলিম ভোটকে মেরুকরণের চেষ্টা করছেন। সেই অভিযোগ নস্যাৎ করে হুমায়ুন বলেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে মুখ্যমন্ত্রী যেমন নিজের দলের পক্ষে কথা বলবেন, তেমনই তিনিও নিজের দলের প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। প্রার্থী তাঁর ছেলে হোক বা অন্য কেউ, দলের হয়ে ভোট চাইবেন বলেও জানান তিনি।

মেরুকরণের অভিযোগের পালটা দিতে গিয়ে হুমায়ুন বলেন, মুসলিম ভোট আলাদা করে একজোট করার প্রয়োজন নেই। তাঁর দাবি, যত বেশি হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা হবে, ততই মুসলিম ভোটও স্বাভাবিকভাবেই একদিকে যাবে। ভবিষ্যতের পুরসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তার প্রভাব দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন হুমায়ুন। তাঁর দাবি, যদি প্রশাসনিক শক্তিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয় এবং অতীতের মতো ক্ষমতা ধরে রাখার কৌশল না নেওয়া হয়, তাহলে রেজিনগরে তাঁদের জয় নিশ্চিত। তিনি আরও বলেন, রেজিনগর বিধানসভা কেন্দ্রে তাঁদের দল তৃণমূলকে ৮১ হাজার এবং বিজেপিকে ৫৯ হাজার ভোটে পরাজিত করেছে।

প্রশাসনিক হস্তক্ষেপ না হলে তাঁদের পরাজিত করা সম্ভব নয় বলেও দাবি করেন হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যখনই ভোট ঘোষণা করুক, যদি প্রশাসনের মাধ্যমে তাঁদের বাধা না দেওয়া হয়, তাহলে আগের বারের থেকেও বেশি ব্যবধানে আম জনতা উন্নয়ন পার্টি রেজিনগরে জয়লাভ করবে।

উল্লেখ্য, সোমবার বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে হুমায়ুন কবীরের দুটি বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে এতদিন যা করেছেন, এখন আর তা চলবে না।’ একইসঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় হুমায়ুনের বিরুদ্ধে দুটি এফআইআর দায়েরের কথাও জানান তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানে যে তিনি পিছিয়ে যাচ্ছেন না, তা নিজের প্রতিক্রিয়াতেই স্পষ্ট করে দিয়েছেন এজেইউপি-র এই বিধায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.