শালবনি জমি দুর্নীতি মামলায় বুধবার সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ করল রাজ্য। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা জমা পড়েছে বলে দাবি করা হয়েছে। রাজ্যের আরও অভিযোগ, গত জুন মাসেই ওই অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা ঢুকেছিল।
শালবনি জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত রায়ের আগাম জামিনের আবেদন আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়।
শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সুমিতের অ্যাকাউন্টে জমা হওয়া প্রায় ১৫ কোটি টাকার উৎস নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই বিপুল অর্থের উৎস ও লেনদেনের প্রকৃত কারণ জানতে সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আদালতে জানান তিনি।
এর আগে শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তদন্তে সহযোগিতা করছেন না সুমিত। বিশেষ করে তাঁর অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়ার বিষয়ে তিনি তদন্তকারীদের যথাযথ উত্তর দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে পুলিশি জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড শীর্ষ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বুধবার সেই নির্দেশ মেনে সুমিতকে জিজ্ঞাসাবাদের ভিডিও এবং লিখিত বয়ান আদালতে পেশ করে রাজ্য। সলিসিটর জেনারেলের দাবি, ওই নথি ও ভিডিও খতিয়ে দেখলেই বোঝা যাবে যে তদন্তকারীদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সুমিত একাধিক ক্ষেত্রে অস্পষ্ট ও পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
অন্যদিকে, সুমিত রায়ের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য। তদন্তে অসহযোগিতার অভিযোগ খারিজ করতে তাঁরাও একটি লিখিত নথি শীর্ষ আদালতে জমা দেন। দুই পক্ষের দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বৃহস্পতিবারও মামলাটির শুনানি চলবে।
শালবনিতে সরকারি জমি বেআইনি ভাবে বিক্রি এবং ভুয়ো নথি তৈরির ঘটনায় সুমিত রায়ের সম্মতি বা ভূমিকা ছিল বলে পুলিশের অভিযোগ। তদন্তকারীদের তলবে হাজির না হওয়ায় মেদিনীপুরের সিএমএম আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল।
পরবর্তীতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। বর্তমানে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার শর্তে অন্তর্বর্তী সুরক্ষা পাচ্ছেন তিনি।







