কালীঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন তুলে নেওয়ার পরই বারুইপুরের উদ্দেশে রওনা দেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। দলে রয়েছেন প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং অনিতা কর। প্রথমে গড়িয়ার কাছে তাঁদের গাড়ি আটকে পুলিশ জানায়, এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা বলবৎ রয়েছে। পরে তাঁদের যেতে দেওয়া হয়। কিছু দূর এগোতেই সোনারপুরে ফের পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তার পর আবার যাত্রা শুরু করেন প্রতিনিধি দলের সদস্যরা। অল্প সময়ের মধ্যেই তাঁদের ঘটনাস্থলে পৌঁছানোর কথা।
এদিকে, বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে খবর। এর ফলে এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দু’জন। পাশাপাশি তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। বারুইপুর লাগোয়া সোনারপুর-সহ কয়েকটি এলাকায় এখনও ১৬৩ নম্বর ধারা কার্যকর রয়েছে।
বারুইপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দোলা সেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশি ব্যারিকেড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, তাঁরা প্রতিদিনের মতোই পার্টি অফিসে এসেছিলেন। কিন্তু একজন নেত্রী বারুইপুর যেতে পারেন—এই আশঙ্কাতেই গোটা এলাকায় ‘সুপার ইমার্জেন্সি’র মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। রাতভর রুট মার্চও হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দোলা সেনের কথায়, “জরুরি অবস্থা আগে দেখিনি, এবার দেখে নিলাম। দেখা যাক, কতদূর যেতে পারি।”
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেহ আটকে আন্দোলন, এক অভিযুক্তকে গণপিটুনি এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়।
ঘটনার খবর পাওয়ার পরই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোনে মৃতার বাবার সঙ্গেও কথা বলেন। তবে রবিবার সন্ধ্যার পর থেকেই তাঁর কালীঘাটের বাড়ির সামনে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অভিযোগ ওঠে, বারুইপুরে যাওয়া আটকাতেই তাঁকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে।
তবে সোমবার সকালে পরিস্থিতির পরিবর্তন হয়। কালীঘাটের বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী সরিয়ে নেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নির্ধারিত রয়েছে, কেবল সেই ব্যবস্থাই বজায় রাখা হয়। এরপরই দোলা সেন, প্রতিমা মণ্ডল-সহ তৃণমূলের প্রতিনিধিদল বারুইপুরের উদ্দেশে রওনা দেয়।







