রাজনীতি

‘বেইমান’ তকমা ঘিরে তৃণমূলে নতুন তরজা, কুণালের ৯১ পাতার চিঠি সামনে এনে ঋতব্রতের আক্রমণ

‘আসল তৃণমূল’ বিতর্কের পর এবার দুই শিবিরের লড়াই যেন এসে ঠেকেছে ‘আসল বেইমান’ খোঁজার প্রশ্নে। বারুইপুরে গিয়ে ‘বেইমান’ স্লোগানের মুখে পড়তে হয়েছে সায়নী ঘোষকে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ‘বেইমান’ বলে আক্রমণ করে দলত্যাগীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। এরই পাল্টা জবাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার কুণাল ঘোষকেই ‘বেইমান’ বলে নিশানা করলেন। দল ভাঙার পর থেকেই দুই পক্ষ একে অপরের অতীত তুলে ধরে রাজনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় এবার কুণালের পুরনো ৯১ পাতার চিঠিকে সামনে এনে আক্রমণ শানালেন ঋতব্রত। জবাব দিতেও দেরি করেননি কুণাল ঘোষ।

‘৯১ পাতার চিঠিই দল তুলে দেওয়ার প্রমাণ’— ঋতব্রত

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নাম না করেই কুণাল ঘোষকে কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চিটফান্ড মামলায় জেলে থাকার সময় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআইয়ের ডিরেক্টরের কাছে পাঠানো ৯১ পাতার চিঠিটিই প্রমাণ করে কীভাবে দলের বিরুদ্ধে তথ্য তুলে ধরা হয়েছিল।

ঋতব্রত বলেন, “জেলে থাকাকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টরের কাছে ৯১ পাতার একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই সবচেয়ে বেশি লেখা ছিল। এখন সময় করে নেত্রী সেই চিঠি আবার পড়ে দেখতে পারেন। উনি (কুণাল ঘোষ) চাইলে পাশে বসে পড়তেও সাহায্য করবেন।” পাশাপাশি তিনি জানান, প্রয়োজন হলে সেই চিঠির কপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাঠানো হবে এবং সংবাদমাধ্যমের হাতেও তুলে দেওয়া হবে।

‘ওটাই আমার বিখ্যাত চিঠি’— কুণালের পাল্টা

ঋতব্রতের মন্তব্যের জবাবে কুণাল ঘোষ বলেন, ওই ৯১ পাতার চিঠি তাঁর জীবনের কঠিন সময়ের লেখা। তিনি দাবি করেন, তখন দলেরই কয়েকজন তাঁর কাঁধে বন্দুক রেখে নিজেদের উদ্দেশ্য সফল করতে চেয়েছিলেন।

কুণাল বলেন, “ঋতব্রত শয়নে-স্বপনে-জাগরণে আমার নামই করছে, এটা দেখে ভালো লাগছে। ওটাই তো আমার বিখ্যাত চিঠি। খুব কঠিন পরিস্থিতিতে লিখেছিলাম। নেত্রী সেই চিঠি ভালোভাবেই পড়েছেন এবং জানেন। দলের কয়েকজন তখন আমাকে ব্যবহার করেছিল। আজ তাহলে বুঝতে পারছ, কুণালই প্রথম হুইসল ব্লোয়ার ছিল? এখন যদি সেই চিঠিকেই সত্যি বলে মানো, তাহলে তোমাদের তথাকথিত বিপ্লবের ভিত্তিটাই বা কোথায়?”

উল্লেখ্য, বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ শিবিরকে উদ্দেশ্য করে বলেন, “বেইমানদের কথায় কান দেবেন না। এখনও সময় রয়েছে, দলে ফিরে আসুন। কর্মীদের কথা ভেবে সিদ্ধান্ত নিন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.