মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্য ভবন পাঁচজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও স্বাস্থ্যকর্মীকে শো-কজ় নোটিস পাঠিয়েছে। একই সঙ্গে কীভাবে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্যালাইন রোগীর কাছে পৌঁছাল, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে।
শুক্রবার রাতেই স্বাস্থ্য ভবনের নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পৌঁছয়। যাঁদের শো-কজ় করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল সুপারিনটেনডেন্ট, অতিরিক্ত হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জ।
অভিযোগ, গত ৫ জুলাই স্ট্রোকে আক্রান্ত ৬২ বছরের মানসী দে-কে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছিল। রোগীর পরিবারের দাবি, বুধবার বিকেলে মানসী দেবী বুকে জ্বালাপোড়ার কথা জানান। এরপর স্যালাইনের বোতল পরীক্ষা করে দেখা যায়, সেটির মেয়াদ চলতি বছরের মার্চ মাসেই শেষ হয়ে গিয়েছে। বিষয়টি জানার পরই রোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করে।
এই ঘটনার খবর স্বাস্থ্য ভবনে পৌঁছতেই একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে স্টোররুম-সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে। পাশাপাশি জেলাশাসকের নির্দেশে পৃথক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ইতিমধ্যেই দুটি তদন্ত রিপোর্ট স্বাস্থ্য দফতরের কাছে জমা পড়েছে।
বর্তমানে রোগীকে হাসপাতালের সিসিইউ-তে রেখে চিকিৎসা চলছে। তাঁর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পৃথক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদোত্তীর্ণ স্যালাইন নিয়ে বিতর্ক এই প্রথম নয়। ২০২৫ সালেও একই ধরনের অভিযোগে প্রসূতি ও এক নবজাতকের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় হাসপাতালের ওষুধ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।







