কলকাতা

গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরের পথে কলকাতা বিমানবন্দর

রানওয়ে নিরাপত্তায় বড় সিদ্ধান্ত! ১৩৬ বছরের পুরনো
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে বহুদিনের অমীমাংসিত একটি ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে চলেছে। বিমানবন্দরের রানওয়ের একেবারে কাছেই অবস্থিত প্রায় ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ) স্থানান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে খুব শিগগিরই। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে স্থানীয় বিধায়ক, মসজিদ কমিটি এবং প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়েছে। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের একটি দল মসজিদ এলাকা পরিদর্শন করেছে। বিমানবন্দরের নিরাপত্তা কমিটিও বিষয়টি নিয়ে পৃথকভাবে আলোচনা করেছে।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, রানওয়ের খুব কাছাকাছি এই স্থায়ী কাঠামো বিশেষ করে ঘন কুয়াশা বা প্রবল বর্ষণের সময় পাইলটদের জন্য ভিজ্যুয়াল বিভ্রান্তি তৈরি করতে পারে। এতে উড্ডয়ন ও অবতরণের সময় নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়ার আশঙ্কা থাকে। এছাড়াও দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের পরিকল্পনাও দীর্ঘদিন ধরে এই মসজিদের অবস্থানের কারণে আটকে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

ইতিহাস বলছে, ১৯৬২ সালে বিমানবন্দর সম্প্রসারণের সময় সংশ্লিষ্ট জমি অধিগ্রহণ করা হলেও মসজিদটি অক্ষত রাখা হয়েছিল। পরে যশোর রোডের গতিপথও পরিবর্তন করা হয়, ফলে বর্তমানে মসজিদটি বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের মধ্যেই অবস্থান করছে।

বর্তমানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত। নমাজ আদায়ের জন্য নির্দিষ্ট সময়ে পরিচয়পত্র যাচাইয়ের পর বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ বাসে মুসল্লিদের মসজিদে নিয়ে যাওয়া হয়। পুরো ব্যবস্থাই সিআইএসএফের নিরাপত্তা বলয়ের মধ্যে পরিচালিত হয়।

প্রশাসনিক মহলের মতে, স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত ঐকমত্য তৈরি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে কবে থেকে কাজ শুরু হবে বা নতুন স্থানের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিমানবন্দরের নিরাপত্তা, ভবিষ্যৎ সম্প্রসারণ এবং ধর্মীয় অনুভূতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.