দীর্ঘ ১৭ বছরের সফল অধ্যায়ের পর চেন্নাই সুপার কিংসের সঙ্গে পথচলা শেষ করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ স্টিফেন ফ্লেমিং। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে শেষবার ২০২৩ সালে প্লে-অফে জায়গা করে নিয়েছিল। এরপর টানা তিনটি মরশুমে দলটি পয়েন্ট তালিকার নিচের দিকেই শেষ করে। ক্রিকেট মহলের একাংশের মতে, সাম্প্রতিক ব্যর্থতার পরই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফ্লেমিং।
চেন্নাই সুপার কিংস তাদের বিবৃতিতে জানিয়েছে, “পারস্পরিক সম্মতির ভিত্তিতেই স্টিফেন ফ্লেমিং এবং সুপার কিংসের যৌথ যাত্রার সমাপ্তি ঘটল। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ও স্মরণীয় কোচ-ফ্র্যাঞ্চাইজি সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের মধ্যে। তাঁর নেতৃত্বে তৈরি হওয়া ঐতিহ্য ভবিষ্যতেও আমাদের অনুপ্রেরণা জোগাবে। সবকিছুর জন্য ধন্যবাদ, স্টিফেন।”
২০০৮ সালে আইপিএলের সূচনা থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন ফ্লেমিং। ২০০৯ সালে তিনি প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর কোচিংয়েই পাঁচবার আইপিএল শিরোপা জেতে সিএসকে। পাশাপাশি দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ট্রফিও নিজেদের দখলে আনে দলটি। তাঁর আমলে চেন্নাই ১২ বার প্লে-অফে এবং ১০ বার ফাইনালে ওঠে। ফ্র্যাঞ্চাইজি দুই মরশুম নিষিদ্ধ থাকলেও দলের সঙ্গ ছাড়েননি তিনি। এবার সুপার কিংস গ্রুপের অধীনে থাকা সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই তাঁর সম্পর্কের ইতি ঘটল।
বিদায়ী বার্তায় ফ্লেমিং বলেন, “১৮ বছরের এই সফর আমার জীবনের এক অমূল্য অধ্যায়। কৃতজ্ঞতা নিয়েই আমি বিদায় নিচ্ছি। সিএসকের সঙ্গে কাটানো সময় আমার কোচিং জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আমরা একসঙ্গে অনেক সাফল্য অর্জন করেছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত উদযাপন করেছি, আবার কঠিন সময়ও একসঙ্গে পার করেছি। এই স্মৃতিগুলো সারাজীবন আমার সঙ্গে থাকবে। চেন্নাই সুপার কিংস সবসময় আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে এবং ভবিষ্যতেও আমি এই দলের সাফল্য কামনা করব।”
সিএসকের মালিক রূপা গুরুনাথও ফ্লেমিংয়ের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের প্রায় পুরো সময়জুড়েই স্টিফেন ফ্লেমিং আমাদের কোচিং ব্যবস্থার মূল স্তম্ভ ছিলেন। গত প্রায় দুই দশকে তিনি দলের পরিচয়, সংস্কৃতি এবং উৎকর্ষের মানদণ্ড গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নিষ্ঠা, আবেগ ও নেতৃত্বের জন্য সুপার কিংস পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আনুষ্ঠানিকভাবে পথ আলাদা হলেও, তিনি সবসময় আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।”
ফ্র্যাঞ্চাইজির ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথনও জানিয়েছেন, ফ্লেমিংয়ের সঙ্গে এত দীর্ঘ সময় কাজ করার সুযোগ পাওয়াকে তাঁরা গর্বের বিষয় বলেই মনে করেন।







