রাজ্য

১৭০ বছরের ঐতিহ্যবাহী শিবপুর IIEST কি এবার হবে IIT? কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর পথে রাজ্য সরকার

বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST)-কে এবার আইআইটি-তে উন্নীত করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য।

১৮৫৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল ‘সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ’ হিসেবে। পরে ১৯২১ সালে এর নাম হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। দীর্ঘ ইতিহাস ও শিক্ষাক্ষেত্রে অবদানের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে শিবপুরের এই ক্যাম্পাস।

২০০৩ সালে এস কে জোশি কমিটি দেশের একাধিক ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যালোচনা করে কয়েকটি প্রতিষ্ঠানকে আইআইটি-তে উন্নীত করার সুপারিশ করেছিল। সেই তালিকায় ছিল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজও। এরপর ২০০৬ সালে আইআইটি কানপুরের চেয়ারম্যান এম আনন্দকৃষ্ণণের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে।

২০১০ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিকে উন্নীত করে তৈরি করা হয় IIEST। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পায় ‘ইনস্টিটিউট অব ন্যাশনাল ইম্পর্ট্যান্স’ (INI) মর্যাদা।

বর্তমানে দেশে মোট ২৩টি আইআইটি রয়েছে। বাংলায় রয়েছে একমাত্র আইআইটি খড়্গপুর, যা ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার শিবপুরের IIEST-কে আইআইটির মর্যাদা দেওয়ার দাবি সামনে আনছে রাজ্য সরকার।

শিক্ষা মহলে দীর্ঘদিন ধরেই শিবপুরকে আইআইটি করার দাবি উঠেছে। রাজ্যের এই প্রস্তাব কেন্দ্রের অনুমোদন পেলে দেশের অন্যতম প্রাচীন এই প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন পরিচয় পেতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.