প্রশাসনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কাজের গতি বাড়াতে বড় পদক্ষেপ নিল নবান্ন। সরকারি ফিল্ড অফিসারদের বদলি নিয়ে নতুন নীতি জারি করল রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতর। সোমবার প্রকাশিত এই নির্দেশিকায় একাধিক গুরুত্বপূর্ণ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। ১৩ জুলাই জারি হওয়া এই নয়া বদলি নীতি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণভাবে কোনও সরকারি আধিকারিককে তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। দীর্ঘদিন একই এলাকায় কাজ করার ফলে স্থানীয় প্রভাব বা স্বার্থের সংঘাত তৈরি হতে পারে— সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবসরের আগে শেষ দুই বছরে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী নিজের জেলায় কাজ করার সুযোগ দেওয়া হতে পারে।
নবান্নের নতুন নীতিতে একই পদে থাকার সময়সীমাতেও কড়াকড়ি করা হয়েছে। কোনও আধিকারিক একই পদে তিন বছর পূর্ণ করলেই তাঁকে বদলির আওতায় আনা হবে। কোনও অবস্থাতেই চার বছরের বেশি একই দায়িত্বে রাখা যাবে না।
বিশেষ করে রাজস্ব আদায়, কর সংগ্রহ এবং অন্যান্য সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। এই ধরনের পদে দুই বছর পূর্ণ হলেই বদলির বিষয়টি বিবেচনা করা হবে এবং তিন বছরের বেশি একই পদে থাকা যাবে না।
তবে মানবিক দিকও রাখা হয়েছে নয়া নীতিতে। কোনও আধিকারিকের পারিবারিক সমস্যা, শারীরিক অসুবিধা বা বিশেষ পরিস্থিতি থাকলে সংশ্লিষ্ট দফতরের সুপারিশের ভিত্তিতে কিছু ক্ষেত্রে নিয়মে ছাড় দেওয়া যেতে পারে।
প্রশাসনিক মহলের মতে, নবান্নের এই সিদ্ধান্তে মাঠপর্যায়ে সরকারি কাজের গতি বাড়বে এবং বদলি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। দীর্ঘদিন ধরে একই জায়গায় থাকা আধিকারিকদের ক্ষেত্রে যে অভিযোগগুলি ওঠে, তা কমাতেই এই নয়া নীতি কার্যকর করা হয়েছে বলে মনে করা হচ্ছে।







