ক্রাইম

শান্তিপুরে বিশেষভাবে সক্ষম তরুণীকে পাটক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই

নদিয়ার শান্তিপুর থানার এলাকায় বিশেষভাবে সক্ষম এক ২৫ বছর বয়সি তরুণীকে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী রবিবার তাঁর ঠাকুমার সঙ্গে মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন। সেই সময় কাছাকাছি একটি আমবাগানে বসে মদ্যপান করছিল একই এলাকার দুই যুবক। অভিযোগ, ছাগল চরানোর সময় তরুণীটি ঠাকুমার থেকে কিছুটা দূরে চলে গেলে অভিযুক্তরা জোর করে তাঁর হাত ধরে পাশের পাটক্ষেতে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের সময় তাঁর উপর শারীরিক অত্যাচারও চালানো হয় বলে পরিবারের দাবি।

ঘটনার সময় তরুণীর চিৎকার শুনে আশপাশের দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের দাবি, সেখানে গিয়ে তাঁরা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। অভিযোগ, তাঁরা ঘটনার একটি ভিডিওও রেকর্ড করেন, যা ইতিমধ্যেই তদন্তকারী প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই ভিডিও-সহ সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এলাকা থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার তাঁদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে নির্যাতিতার পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারাও। তদন্তের স্বার্থে স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.