খেলাধুলা

ক্যারিক ম্যাজিকে কুপোকাত গুয়ার্দিওলা, প্রিমিয়ার লিগের লড়াইয়ে ফের ফিরল ম্যান ইউ

ম্যানচেস্টার ডার্বিতে নীল বাহিনীকে টেক্কা দিল লাল জার্সিধারীরা। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে নতুন কোচ হিসেবে মাইকেল ক্যারিকের অভিষেকটা এর চেয়ে ভালো বোধহয় হতে পারত না। প্রতিবেশী দল ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দাপট ফিরে পাওয়ার ইঙ্গিত দিল ইউনাইটেড। অন্যদিকে, স্পেনের মাটিতে লেভান্তের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদও। তবে সেই জয়ের রাতেও মাঠের পরিবেশ ছিল বেশ থমথমে।

বুধবারই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব নিয়েছিলেন ক্যারিক। হাতে সময় কম থাকলেও প্রথম ম্যাচেই তার মগজস্ত্রের কাছে হার মানতে হল পেপ গুয়ার্দিওলার দলকে। ম্যাচের শুরু থেকেই সিটির ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে তুলেছিল ইউনাইটেডের ফরোয়ার্ডরা। ভাগ্য সহায় থাকলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। তিন-তিনটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে এবং দু’বার বল পোস্টে না লাগলে সিটির কপালে আরও দুর্ভোগ ছিল। প্রথমার্ধে ম্যাগুয়েরের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পর সিটির গোলকিপার ডোনারুম্মা বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচালেও শেষ রক্ষা করতে পারেননি। ম্যাচের ৬৫ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের পাস থেকে চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন ক্যামেরুনের তারকা এমবিউমো। এরপর ব্যবধান বাড়ান ডোরগু। ইনজুরি টাইমে মেসন মাউন্ট বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এল ম্যান ইউ।

অন্য দিকে লা লিগায় রিয়াল মাদ্রিদ জিতলেও গ্যালারির পরিবেশ ছিল গুমোট। নবাগত কোচ আলভারো আরবেলোয়ার কোচিংয়ে এমবাপে এবং রাউল আসেনসিওর গোলে লেভান্তেকে হারিয়েছে তারা। কিন্তু গোল ছাপিয়ে আলোচনায় এল সমর্থকদের ক্ষোভ। জাবি আলোন্সোকে কোচের পদ থেকে সরানোর পিছনে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম এবং ফেড ভালভার্দেদের ভূমিকা ছিল— এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই তাদের দিকে ধেয়ে আসে বিদ্রুপ। ভিনিসিয়াস বা বেলিংহ্যামরা বল ধরলেই গ্যালারি থেকে শিস দিয়ে টিটকিরি দিচ্ছিলেন সমর্থকরা। মাঠের মধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় ভিনিসিয়াসকে। জয় এলেও দলের অভ্যন্তরীণ কোন্দল আর সমর্থকদের এই বিমুখতা রিয়াল শিবিরে অস্বস্তি বজায় রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.