দেশ

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরও আন্দোলন জারি! ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবিতে অনড় সিজেপি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেও আন্দোলন থামানোর কোনও ইঙ্গিত দিল না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রীর ইস্তফা তাদের দাবির একটি মাত্র অংশ পূরণ করেছে। এখনও দুটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রের উপর চাপ বজায় থাকবে।

সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের দাবি, প্রশ্নফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের জেরে যেসব পরীক্ষার্থী মানসিক চাপে আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তাঁর বক্তব্য, শুধুমাত্র মন্ত্রীর পদত্যাগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যন্ত্রণা মুছে যাবে না। তাই সরকারের উচিত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অবিলম্বে আর্থিক সহায়তার ঘোষণা করা।

এছাড়াও, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিজেপি। বিশেষ করে ২০ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশি ভূমিকার সমালোচনা করে দিপকে বলেন, যেসব পুলিশকর্মীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ওই আন্দোলনের জেরে ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা বাতিল করারও দাবি তোলেন তিনি।

উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা ২৬ দিন অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন প্রত্যাহার করেন। যদিও সেই সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়ায় তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে অনশন ভাঙার কয়েক দিনের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন।

তবে সিজেপি স্পষ্ট করেছে, তাদের আন্দোলনের লক্ষ্য এখনও পূর্ণ হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সংগঠনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.