সরকারি হাসপাতালগুলিতে ওষুধের মজুত ও সংরক্ষণে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যেই রাজ্যের স্বাস্থ্যদপ্তর নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, কলকাতা-সহ রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে প্রতি সাত দিন অন্তর ওষুধের স্টক অডিট বাধ্যতামূলক করা হবে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের স্টোররুম থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড, কেবিন এবং চিকিৎসা পরিষেবার প্রতিটি অংশে চিরুনি তল্লাশি চালানো হবে। কোথাও কোনও ওষুধ বা স্যালাইন পড়ে থাকলে তার উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সংরক্ষণের অবস্থা খুঁটিয়ে পরীক্ষা করা হবে। মেয়াদ শেষ হওয়া কোনও ওষুধ পাওয়া গেলে তা অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হবে।
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগ। অভিযোগ ওঠে, স্ট্রোকে আক্রান্ত এক রোগীকে দেওয়া স্যালাইনের মেয়াদ কয়েক মাস আগেই শেষ হয়ে গিয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যদপ্তর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং হাসপাতালগুলির ওষুধ ব্যবস্থাপনায় কড়াকড়ি আনার সিদ্ধান্ত নেয়।
স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, তদন্তে উঠে এসেছে যে সংশ্লিষ্ট স্যালাইনটি হাসপাতালের ওয়ার্ডেই পড়ে ছিল। তাই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে শুধু স্টোর নয়, হাসপাতালের প্রতিটি কোণ নিয়মিত পরীক্ষা করা হবে। এমনকি ২৪ ঘণ্টা আগেও মেয়াদ শেষ হয়েছে— এমন ওষুধও ব্যবহারযোগ্য বলে গণ্য হবে না এবং সঙ্গে সঙ্গেই তা বাতিল করা হবে।
স্বাস্থ্যদপ্তর আরও জানিয়েছে, সাপ্তাহিক অডিটে কোনও অনিয়ম বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের শোকজ করা হবে। প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
উল্লেখ্য, অতীতেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছিল। জয়নগর ও ওল্ড মালদহ-সহ বিভিন্ন হাসপাতালের সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার ওষুধ সংরক্ষণ ও নজরদারির পুরো ব্যবস্থাকে আরও কঠোর করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নতুন নিয়ম কার্যকর হলে সরকারি হাসপাতালগুলিতে রোগী সুরক্ষা আরও জোরদার হবে বলেই স্বাস্থ্যদপ্তরের আশা।







